কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় সৎ পিতার ছুরিকাঘাতে এক শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে ফেরদৌস নামের এক রোহিঙ্গার বিরুদ্ধে। নিহত শিশুর নাম মো. ওমর (৬)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ ইস্টের সি-৬ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত ওমর ওই ক্যাম্পের বাসিন্দা।
স্থানীয় রোহিঙ্গাদের বরাতে জানা গেছে, শাবনূর নামে এক নারীর দ্বিতীয় স্বামী ফেরদৌসের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। সোমবার রাতে ফেরদৌস ও শাবনূরের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ফেরদৌস ধারালো ছুরি দিয়ে শিশু ওমরকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়।
ছুরিকাঘাতে গুরুতর আহত ওমরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বিডিআরসি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, “রোহিঙ্গা আশ্রয়শিবিরে সৎ বাবার ছুরিকাঘাতে একটি শিশু নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের একটি দল পাঠানো হয়। পরে শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
ওসি আরও বলেন, “ছুরিকাঘাতের পর অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে আটকের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছেন।”
পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধের জেরে শিশুটিকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।










