বন্ধুকে নানার বাড়িতে পৌঁছে দিতে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছিলেন এক তরুণ। পথে পেছনে বসা বন্ধুর হাতুড়ির আঘাতে মাথা ফেটে যায় তার। পরে তার মোটরসাইকেল ও মুঠোফোন নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ওই বন্ধুর বিরুদ্ধে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মাওলানা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত তরুণের নাম মো. নাজমুল ইসলাম (২২)। তিনি ভাওর গ্রামের সৌদিপ্রবাসী মমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত রিমি (২২) চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে এবং নাজমুলের বন্ধু বলে জানা গেছে।

citytouch 728-X-90

পুলিশ ও পরিবারের ভাষ্য অনুযায়ী, রাত ৯টার দিকে রিমি নাজমুলকে তার নানার বাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। নাজমুল রাজি হয়ে নিজের মোটরসাইকেলে তাকে নিয়ে রওনা হন। মাওলানা বাজার এলাকায় পৌঁছালে পেছনে বসে থাকা রিমি হঠাৎ হাতুড়ি দিয়ে নাজমুলের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

আঘাতে রক্তাক্ত নাজমুল চিৎকার করে পাশের একটি দোকানে আশ্রয় নেন। এ সময় রিমি তার মোটরসাইকেল ও মুঠোফোন নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায় অভিযোগের প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নাজমুলের পরিবারের পক্ষ থেকে সোমবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।