যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় দায়ের করা মামলায় আপসের শর্তে জামিন পেয়েছেন আলোচিত ইসলামিক বক্তা ও ‘৩১৩ প্রোপার্টিজ’-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহ। তার পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাতের করা মামলায় সোমবার (২৮ সেপ্টেম্বর) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে আগামী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়।

বাদীপক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবিএম ইবরাহিম খলিল জানান, শুনানির সময় মিসবাহর একাধিক বিয়ের বিষয়টি আদালতের সামনে তুলে ধরা হয়েছে। আইনজীবীর দাবি, বাদীপক্ষের কাছে মিসবাহর ১০টি বিয়ের তথ্য রয়েছে এবং কয়েকটির কাবিননামা বা সংশ্লিষ্ট নথিও তাদের কাছে রয়েছে।

আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, ওই নারীদের মধ্যে মরিয়ম, গাজীপুরের কাপাসিয়ার এক নারী, আসমা, তানিয়া, নায়মা জান্নাত, মেহের আফরিন, আদিবা, বুশরা, আয়েশা আক্তার ও সাবিফুন্নাহারের নাম রয়েছে। তবে এসব বিয়ের তথ্যের সত্যতা ও আইনগত বৈধতা আদালতে প্রমাণের বিষয়।

citytouch 728-X-90

ইবরাহিম খলিলের দাবি, শুনানির সময় মিসবাহ দুটি বিয়ের কথা স্বীকার করেছেন। এর মধ্যে প্রথম স্ত্রী মরিয়ম এবং বর্তমান মামলার বাদী নায়মা জান্নাতের কথা তিনি স্বীকার করেছেন বলে আইনজীবী জানান। অন্য বিয়ের কাবিননামা বা প্রাসঙ্গিক নথি পাওয়া গেলে পরবর্তী সময়ে আদালতে তা দাখিল করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাদীপক্ষ।

আইনজীবী আরও বলেন, প্রয়োজন হলে সংশ্লিষ্ট নারীদের নাম-ঠিকানা দিয়ে আদালতের মাধ্যমে তদন্তের আবেদন করা হতে পারে। বিদেশি নাগরিককে বিয়ের ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিয়ে বৈধভাবে সম্পন্ন হয়েছে কি না, কাবিন ও নিবন্ধনের নথির মাধ্যমে তা যাচাই করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২০ সালে ফেসবুকে পরিচয়ের পর হুমায়রা জান্নাতকে বিয়ে করেন মিসবাহ। পরে ২০ লাখ টাকা যৌতুক দাবি, নির্যাতন এবং একাধিক বিয়ের তথ্য গোপনের অভিযোগ এনে তিনি যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় মামলা করেন। গত ২০ আগস্ট আদালত মামলাটি আমলে নিয়ে মিসবাহর বিরুদ্ধে সমন জারি করেন।