নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এলাকায় ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। সংঘর্ষে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী বরপা বাসস্ট্যান্ড এলাকায় একটি মিছিল বের করেন। এ সময় তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক আরজু ভূঁইয়া মিছিলে বাধা দিলে ছাত্রলীগ নেতা রাফিন ভূঁইয়ার সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়।

citytouch 728-X-90

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ৪ থেকে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ করা হয়েছে। পাশাপাশি একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আশপাশের প্রায় ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধা দিতে গেলে ইয়ার হোসেনসহ তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সরে যান।

পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড গুলির খোসা এবং আগুনে পোড়া একটি মোটরসাইকেলের অংশ উদ্ধার করেছে।

এ ঘটনায় যুবদল নেতা আরজু ভূঁইয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।