চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে দাবি করে ‘বিএনপির দোসরদের’ তালিকা করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পাটওয়ারী লিখেছেন, ‘সময় এসেছে, চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির দোসরদের তালিকা করার।’ এরপর তিনি কয়েকজনের নাম উল্লেখ করেন। তাদের মধ্যে রয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এ ছাড়া আরও যাদের চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয়, তাদের নাম মন্তব্যের ঘরে জানানোর আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা। তবে পোস্টে নাম উল্লেখ করা ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজিতে সম্পৃক্ততার দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ বা তদন্তের তথ্য দেননি পাটওয়ারী।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে চাঁদাবাজি বন্ধ না হলে সরকারকে ‘আসসালামু আলাইকুম’ জানাবেন বলে মন্তব্য করেছিলেন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি বন্ধের বিষয়ে সরকারের কাছে তাদের দাবি গুরুত্ব পায়নি।
অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার দাবি করেছেন, চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয় এবং এ বিষয়ে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।










