রাজধানীর শেরেবাংলা নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে চীন-মৈত্রী মাঠসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম অলি নূর। তিনি আইইউবির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও নিহতের বন্ধু আরিফুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী, সকালে মোটরসাইকেল চালিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন অলি নূর। এ সময় একটি ব্যাটারিচালিত রিকশা অসাবধানতাবশত মোড় নেওয়ার সময় তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়েন।
ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগতির আইসক্রিম পরিবহনকারী ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই অলি নূরের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে অলি নূরের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।










