আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়েশন অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে এ ধরনের উদ্যোগের আগে পুনর্মিলনের মৌলিক ভিত্তি ও শর্ত স্পষ্ট করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন এবং তারা বাংলাদেশের নাগরিক। তাই আওয়ামী লীগের সক্রিয় কর্মী-সমর্থকদের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের উদ্যোগ নেওয়া খারাপ কোনো ধারণা নয়; বরং এমন উদ্যোগ ইতিবাচক হতে পারে।

তিনি বলেন, তৃতীয় কোনো পক্ষ রিকনসিলিয়েশনের উদ্যোগ নিতে চাইলে আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করতে পারে। তবে এর আগে দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে পুনর্মিলন শুরুর মৌলিক ভিত্তি নিশ্চিত করা প্রয়োজন। সেই জায়গা স্পষ্ট হলে এ নিয়ে আলোচনা হতে পারে।

citytouch 728-X-90

তথ্য উপদেষ্টা আরও বলেন, শুধু আলোচনায় বসলেই পুনর্মিলন সম্ভব হবে না। এর জন্য প্রয়োজনীয় মৌলিক শর্ত, পারস্পরিক অবস্থান ও প্রত্যাশা স্পষ্ট করা জরুরি। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগকেই আগে এগিয়ে এসে নিজেদের দায় স্বীকার করতে হবে।

তিনি আরও বলেন, অপরাধের স্বীকৃতি ও অনুতাপ পুনর্মিলনের গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে। তবে অপরাধ স্বীকার করলেই ফৌজদারি অপরাধের আইনি দায় শেষ হয়ে যায় না; সেক্ষেত্রে আইনগত প্রক্রিয়াও চলবে।