খাটের নিচে কার্টনে লুকানো টাকার বান্ডিল, বিপুল সম্পদ অর্জনের অভিযোগ এবং সেই সম্পদের উৎস আড়াল করতে বাবার মাছের খামারের আয় দেখানোর দাবি। কাস্টমস ক্যাডারের দুই ভাই-বোনের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ উঠলেও তদন্ত শেষ না করেই তা ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি স্বামীকে বশে আনতে ‘পানিপড়া’ খাওয়ানোর চেষ্টার কথাও উঠে এসেছে সাবেক এক গৃহকর্মীর বর্ণনায়। কোথা থেকে এলো বিপুল সম্পদ, আর কীভাবে আড়াল হলো অভিযোগের তদন্ত?
ঘটনাটি ২০১৫ সালের দিকে। ওই বাসায় থাকতেন কাস্টমস ক্যাডার কর্মকর্তা জিলাইকা তামান্না লিপি এবং তাঁর স্বামী জেলা নির্বাচন অফিসার আসলাম রহমান। তাঁদের বাসায় কাজ করতেন লিপি নামের এক কিশোরী। সাবেক ওই গৃহকর্মীর বর্ণনা অনুযায়ী, বাসায় বিপুল পরিমাণ টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। একপর্যায়ে স্বামীকে বশে আনতে পানিপড়া খাওয়ানোর চেষ্টার কথাও জানান তিনি।
এই বর্ণনার সূত্র ধরে কাস্টমস ক্যাডারের দুই সহোদর কর্মকর্তা এনামুল হক ও জিলাইকা তামান্না লিপির সম্পদের উৎস নিয়ে দুদকে অভিযোগ জমা পড়ে। তবে অভিযোগের তদন্ত শেষ না করেই তা ধামাচাপা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, চাকরিতে যোগদানের পর ভাই-বোন ও তাঁদের স্বজনদের নামে জমি, প্লট, ফ্ল্যাটসহ বিপুল সম্পদ গড়ে উঠেছে। এসব সম্পদের অর্থের উৎস কী, তা নিয়ে তাঁদের গ্রামের বাড়ি বরগুনা থেকেও অনুসন্ধানের দাবি ওঠে। দুদকে অভিযোগকারী ব্যক্তির বাড়িও সেখানে। এরপর সম্পদের উৎস আড়াল করতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবার নামে মাছের খামার থেকে বিপুল অঙ্কের আয়ের কথা বলা হয়।
এনামুল হক ২৯তম বিসিএসের কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। নথি অনুযায়ী, ২০১১ সালে চাকরিতে যোগ দেন তিনি। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত। তাঁর বোন জিলাইকা তামান্না লিপি ৩১তম বিসিএসের কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। ২০১৩ সালে চাকরিতে যোগ দেন তিনি। বর্তমানে আগারগাঁওয়ের এনবিআর ভবনের মূসক বিচার ও আপিল বিভাগে দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত।
তথ্যানুসন্ধানে জানা যায়, চাকরিতে যোগদানের পর দুই ভাই-বোন ও তাঁদের স্বজনদের নামে একের পর এক সম্পত্তি কেনা হয়েছে। পূর্বাচল, ঝিলমিল, বরগুনা, লালমাটিয়া, পশ্চিম আগারগাঁও ও মিরপুরে সম্পত্তি থাকার তথ্য পাওয়া গেছে। এসব সম্পত্তি কেনার অর্থের উৎস এবং ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য যাচাইয়ের দাবি উঠেছে। যুগান্তরের অনুসন্ধানে বেশ কিছু ব্যয়বহুল সম্পত্তির দলিল পাওয়া গেছে, যেগুলো তাঁরা চাকরিতে যোগদানের পর কিনেছেন।
নথি অনুযায়ী, ২০১১-১২ সালের আগে পরিবারটির কৃষিজমি ছাড়া অন্য কোনো জমি ছিল না। অথচ ২০১৪ ও ২০১৫ সালে পরিবারের সদস্যদের নামে একাধিক জমি কেনা হয়। চাকরিতে যোগদানের অল্প সময়ের মধ্যেই এসব সম্পত্তি অর্জন করে পরিবারটি।
২০১৫ সালে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে জিলাইকা তামান্না লিপি এবং তাঁর ছোট বোন জিনাত জাহান তানজিলার নামে একটি প্লটের দলিল করা হয়। দলিল নম্বর ৭৫৬৫/২০১৫। দলিল অনুযায়ী, প্লটটি ১১ নম্বর সেক্টরের ৪০৯/এ/সি সড়কের ২ নম্বর প্লটে অবস্থিত। অভিযোগ অনুযায়ী, প্লটটির প্রকৃত ক্রয়মূল্য ছিল প্রায় ৩ কোটি টাকা। কিন্তু দলিলে মূল্য দেখানো হয় ২৫ লাখ টাকা। বর্তমানে এর বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।
২০২২ সালে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের ৮ নম্বর প্লট কেনেন জিলাইকা তামান্না লিপি। দলিল নম্বর ১২৩০৯/২০২২। অভিযোগ অনুযায়ী, প্লটটির ক্রয়মূল্য ছিল ১ কোটি ৪০ লাখ টাকা। অথচ দলিলে মূল্য দেখানো হয়েছে ২১ লাখ টাকা।
জমি কেনায় পিছিয়ে নেই বড় ভাই এনামুল হকও। তিনি বরগুনা শহরে ২৬ শতাংশ জমি কিনেছেন। সেখানে দলিলমূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। বরগুনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই জমির বর্তমান দাম প্রায় ৫ কোটি টাকা। বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসের দলিল নম্বর ৩৭৫৬/২০১৫, তারিখ ১১ আগস্ট ২০১৫।
একই বছর পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে এনামুল হক ও তাঁর স্ত্রী নাহিদা পারভীনের নামে ৭ কাঠা ৮ ছটাক জমি কেনা হয়। দলিল নম্বর ১০৮২৮/২০১৫। অভিযোগ অনুযায়ী, জমিটির ক্রয়মূল্য ছিল আড়াই কোটি টাকা। কিন্তু দলিলে মূল্য দেখানো হয়েছে ৫০ লাখ টাকা।
২০১৪ সালে এনামুল হকের মা খাদিজা বেগমের নামে বরগুনা পৌর এলাকায় টিনশেড বাড়িসহ ১৪ দশমিক ৩১ শতাংশ জমি কেনা হয়। অভিযোগ অনুযায়ী, বাস্তবে এই সম্পত্তি কেনার অর্থের জোগান দেন খাদিজা বেগমের সন্তান কাস্টমস ক্যাডার কর্মকর্তা এনামুল হক ও জিলাইকা তামান্না লিপি। বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসে জমিটি রেজিস্ট্রি করা হয়। দলিল নম্বর ২৯১৭/২০১৪ ও ৩০৫৭/২০১৪। নথি অনুযায়ী, দলিল দুটিতে মোট মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ ৭ হাজার টাকা। তবে ওই সময় জমিটির জন্য ৩ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমানে জমিটির মূল্য প্রায় ৫ কোটি টাকা।
এ ছাড়া এনামুল হক ও জিলাইকা তামান্না লিপির পরিবারের অন্য সদস্যদের নামেও বিভিন্ন স্থানে সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। বরগুনার বিভিন্ন সম্পত্তির পাশাপাশি ঢাকার লালমাটিয়ার এনএইচ টাওয়ার, পশ্চিম আগারগাঁও ও মিরপুরের ডিওএইচএস এলাকায় সম্পত্তির কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
২০২০ সালে জিলাইকা তামান্না লিপির বড় ছেলের জন্মনিবন্ধনে স্থায়ী ঠিকানা হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাট নম্বর ৪/এ, প্লট ১৫১, রোড ৮, ব্লক-ডি উল্লেখ করা হয়েছে। তবে ওই ঠিকানায় ফ্ল্যাটটির মালিকানা যাচাই করা সম্ভব হয়নি।
মাছের খামারের আয়ের দাবি
এনামুল হক ও জিলাইকা তামান্না লিপির সম্পদের উৎস নিয়ে দুদকে অভিযোগ জমা পড়ার পর তাঁদের বাবা আবদুস সোবহানের নামে মাছের খামার থেকে আয়ের দাবি সামনে আসে। এনামুল হক দুদকের কর্মকর্তার কাছে দাবি করেন, তাঁর বাবার প্রায় ১২ একর জমিতে মাছের খামার রয়েছে। সেখান থেকে প্রতিবছর উল্লেখযোগ্য আয় হয়।
এ তথ্য যাচাই করতে ২০২৪ সালের ৬ মে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীনের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে খামারের নিবন্ধন, জমির খতিয়ান ও দাগ নম্বর, মালিকানার নথি, লিজের চুক্তিপত্র, উৎপাদন, ব্যয় ও আয়ের হিসাবসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে প্রতিবেদন দিতে বলা হয়।
কিন্তু প্রয়োজনীয় নথির পরিবর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নের ভিত্তিতে প্রতিবেদন পাঠান মৎস্য কর্মকর্তা। সেখানে এনামুলের বাবাকে মৎস্যচাষি হিসেবে উল্লেখ করা হয়। মৎস্য কর্মকর্তার এই প্রতিবেদন পাওয়ার পর অভিযোগটি ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এনামুলের দাবি ছিল, তাঁর বাবার খামার প্রায় ১২ একর জমিতে। অথচ মৎস্য কর্মকর্তার প্রতিবেদনে ১৪ একর জমিতে খামার থাকার কথা উল্লেখ করা হয়। এতে প্রশ্ন উঠেছে, ১২ একরের দাবির বিপরীতে প্রতিবেদনে ১৪ একর জমির কথা এলো কীভাবে?
এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে মৎস্য কর্মকর্তা মো. মহসীন মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, সরেজমিন অনুসন্ধানে খামারটির অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজনের বক্তব্য অনুযায়ী, ওই জমিতে কিছু ফলের গাছ রয়েছে।
স্বামীর অভিযোগ
জিলাইকা তামান্না লিপির স্বামী আসলাম রহমান নির্বাচন কমিশনে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। স্ত্রীর করা যৌতুকের মামলায় তিনি সাময়িক বরখাস্ত হন। এ মামলায় তিনি সাড়ে ১৪ মাস কারাগারে ছিলেন। মামলাটি এখনো বিচারাধীন।
আসলাম রহমান যুগান্তরকে বলেন, স্ত্রীর করা মামলায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তাঁর দাবি, তিনি কখনো ঘুষ নেননি। কিন্তু স্ত্রী কাস্টমস ক্যাডারে যোগ দেওয়ার পর থেকেই সংসারে অশান্তি শুরু হয়। বড় ভাই এনামুল হকের ইশারায় তাঁর বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর পাওয়া খোরাকি ভাতা দিয়ে কোনোমতে জীবনযাপন করছেন। দুই সন্তানের মুখও দেখতে পারছেন না।
আসলামের ভাষ্য, ২০১১ সালে নবাবগঞ্জে থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার সময় জিলাইকা তামান্না লিপিকে বিয়ে করেন তিনি। তখন লিপি ইডেন কলেজে পড়তেন। তাঁর পড়াশোনার সুবিধার জন্য পুরান ঢাকার দিকে বাসা নেওয়া হয়। ওই বাসায় এনামুল হকও থাকতেন বলে দাবি করেন আসলাম। তাঁর ভাষ্য, সাপ্তাহিক ছুটিতে এনামুল সেখানে আসতেন। তখন এনামুল হকের নিজেরও ঢাকায় থাকার জায়গা ছিল না।
অভিযোগের বিষয়ে যা বললেন এনামুল
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে যুগ্ম কমিশনার এনামুল হক রোববার যুগান্তরকে বলেন, ‘আমার যেখানে যে সম্পদ আছে, তার সবই আয়কর নথিতে আছে।’
আয়ের উৎস বৈধ দেখাতে নিজের বাবাকে ভুয়া মৎস্যচাষি সাজানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
অন্যদিকে, বারবার চেষ্টা করেও সংশ্লিষ্ট কর্মকর্তা জিলাইকা তামান্না লিপির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে অভিযোগের সারসংক্ষেপ উল্লেখ করে তাঁকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।








