দক্ষিণ আফ্রিকার সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার অনিল সুকলাল। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সক্রিয়ভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দক্ষিণ আফ্রিকার হাইকমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ ও পর্যটন খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।
মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব রুটে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।
বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী আরও বলেন, দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বব্যাপী পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়।
এ সময় দুই দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক যাতায়াত বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।
এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








