সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ সত্ত্বেও পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শরীরে আগুন জ্বালিয়ে আত্মাহুতির হুঁশিয়ারি দিয়েছেন ৪৯তম বিসিএসে উত্তীর্ণ প্রার্থী মো. জসীম উদ্দীন। ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই ঘোষণা দেন। জসীম জানান, আগামী ১২ অক্টোবর ৪৯তম বিসিএস ক্যাডারদের যোগদানের দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তিনি এই চরম পদক্ষেপ নেবেন। পোস্টে তিনি ২০১০ সালে তিউনিসিয়ায় রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের প্রতিবাদে আগুনে পুড়ে আত্মাহুতি দেওয়া যুবক মোহাম্মদ বোয়াজিজির উদাহরণ টেনে তাকে নিজের ‘আইডল’ হিসেবে উল্লেখ করেন। পোস্টে জসীম লেখেন: "৪৯তম বিসিএসের জয়েনিং (১২ অক্টোবর) দিন সন্ধ্যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমিও শরীরে আগুন জ্বালিয়ে আত্মহুতি দেওয়ার ঘোষণা দিলাম। আমার জীবনের বিনিময়ে হয়তো কিছুই অর্জিত হবে না কিন্তু ভেরিফিকেশন নামক হয়রানি এবং গেজেটের দাসত্ব থেকে এই জাতির মেধাবী সন্তানরা মুক্ত হোক সেই কামনা রইল।" ঘোষণাটি ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় অঙ্গন ও নেটদুনিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত গেজেটে পিএসসি সুপারিশকৃত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হলেও পুলিশ ভেরিফিকেশন ও প্রশাসনিক প্রক্রিয়ায় বাদ পড়েছেন অন্তত ৫৭ জন প্রার্থী। তাদেরই একজন মো. জসীম উদ্দীন, যিনি ভেরিফিকেশন ব্যবস্থার জটিলতা ও প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে এই চূড়ান্ত প্রতিবাদের ঘোষণা দিয়েছেন। বিষয়টি সামনে আসার পর সাবেক সহপাঠী ও নেটিজেনরা জসীমকে জীবনহানিকর যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আকুল আবেদন জানানোর পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতার দাবি জানিয়েছেন।