দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রামের মিরসরাই পৌরসভা জামায়াতের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমরান হাসান আফনান এবং মিরসরাই পৌরসভা জামায়াতের যুব বিভাগের সাইদুল ইসলাম। সম্প্রতি মিরসরাই উপজেলা জামায়াতের একটি রুকন বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মিরসরাই উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতাদের ভাষ্য অনুযায়ী, সাইদুল ও আফনান জামায়াতের মূল আদর্শ থেকে সরে গিয়ে সরকার দলীয় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সাথে সখ্যতা তৈরি করে বিভিন্ন অপকর্মে জড়িয়ে গেছেন। তাদের সংশোধনের জন্য বেশ কয়েকবার সতর্ক করা হলেও তারা নিজেদের সংশোধন করেননি। দলের রুকন সদস্যদের আপত্তি ও দাবির মুখে দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ ধরে রাখতে তাদের সর্বসম্মতিক্রমে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে মিরসরাই পৌর জামায়াতের আমির মাওলানা শিহাব উদ্দিন বলেন, জামায়াতের নীতি-আদর্শ হলো সৎলোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়ন করা। কিন্তু বহিষ্কৃতরা তার বিপরীত পথে হাঁটছিলেন; সতর্ক করার পরও সংশোধন না হওয়ায় শাস্তিস্বরূপ বহিষ্কার করা হয়েছে। মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির বলেন, প্রয়োজনে পাঁচজন নিয়ে রাজনীতি করব তবুও অসৎ লোকদের জায়গা দেওয়া হবে না। তাদের সততার ঘাটতি ছিল, তাই বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক নেতাকর্মীদের তাদের এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বহিষ্কৃত ইমরান হাসান আফনান দাবি করেন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সবশেষ কমিটিতে আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন এবং চাকসুর নির্বাচিত স্বাস্থ্যবিষয়ক সম্পাদক। তার ভাষ্য, তিনি জামায়াতের রাজনীতিতে সম্পৃক্তই হননি, তাহলে জামায়াত কীভাবে তাকে বহিষ্কার করবে।