ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নোটিশ পাওয়ার পর এবার মুখ খুলেছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। নতুন এক ভিডিও বার্তায় বিএনপি ও সরকারের উদ্দেশে একাধিক মন্তব্য করে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি।

ভিডিও বার্তায় বিএনপির উদ্দেশে সালমান বলেন, তাদের লোকজন তাকে ও তার পরিবারকে তুলে গালাগালি দিচ্ছেন। এ ধরনের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এছাড়া সালমান আরও বলেন, জুলাই আন্দোলনে তাদের ও তার উদ্দেশ্য এক ছিল না, বরং তিনি জুলাই আন্দোলনে কোনো উদ্দেশ্য ছাড়াই কাজ করেছিলেন। 

citytouch 728-X-90

এ সময় সরকারের উদ্দেশেও প্রশ্ন ছুড়ে দেন সালমান। তার ভাষায়, আগের সরকারকে যদি ফ্যাসিস্ট বলা হয়, তাহলে বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলা উচিত।

এর আগে ৩০ সেপ্টেম্বর দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি পাঠায় বিএফআইইউ। চিঠিতে হিসাবের তথ্যের পাশাপাশি হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেনের বিবরণী জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে।

এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় তার ব্রাউনফিশ স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ তুলেছিলেন সালমান। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘটনাটি জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটেছে বলে জানানো হয়। মামলা হওয়ার পর কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

স্টুডিও ভাঙচুরের সেই ঘটনার পর এবার ব্যাংক হিসাবের তথ্য তলবের বিষয়টি সামনে আসতেই নতুন ভিডিও বার্তায় নিজের বক্তব্য তুলে ধরলেন সালমান মুক্তাদির।