রাজধানীর মিরপুর-১০ নম্বর চত্বর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংবাদ সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীরাও হামলার শিকার হয়েছেন। পুলিশের ভাষ্য, ফুটপাত দখল করে ব্যবসা করা হকাররা এসব হামলা চালিয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় অভিযান শুরু হয়। এ সময় হকাররা পুলিশের একটি গাড়ি এবং ডিএনসিসির তিনটি গাড়ি ভাঙচুর করেন। ডিএনসিসির দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া ১০ নম্বরের পুলিশ বক্সও ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। হামলায় আট পুলিশ সদস্য আহত হয়েছেন। এ পর্যন্ত ৩৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযান চলাকালে ১০ নম্বর গোলচত্বরসংলগ্ন মসজিদ মার্কেট এলাকায় আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিশ লাইনের সংযোগ খুলতে গিয়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুনের সূত্রপাত হয়। হকারদের দাবি, আগুন লাগা মার্কেটে তাদের মালামাল ছিল এবং আগুনে সেগুলো পুড়ে গেছে। দোকান পুড়ে যাওয়ার পরই পরিস্থিতি উত্তেজনায় রূপ নেয়। একই ঘটনায় সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের ওপরও হামলা হয় — একাত্তর টেলিভিশনের সাংবাদিককে হকাররা ঘিরে ধরেন, যমুনা টেলিভিশনের গাড়ি ভাঙচুর করা হয় এবং আরও কয়েকজন সাংবাদিক হেনস্তার শিকার হন। ডিএমপির মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার আবুল বাশার মোল্লা বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে; সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়ও মামলা হবে। ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ফুটপাত দখলমুক্ত করার কর্মসূচি চলবে; যারা অরাজকতা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে।
মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ: গাড়িতে আগুন, পুলিশ-সাংবাদিক আহত; আটক ৩৫
ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, হকার-পুলিশ সংঘর্ষ
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন








