সিঙ্গাপুরে জন্মহার রেকর্ড পরিমাণে কমে যাওয়ার প্রেক্ষাপটে সরকারি কর্মীদের জন্য 'ফার্স্টডেট' নামের নতুন একটি ম্যাচমেকিং বা জীবনসঙ্গী খোঁজার সেবা চালু করা হয়েছে। দেশটির সরকারি প্রযুক্তি সংস্থা গভটেক গত ২৯ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে এই সেবার উদ্বোধন করে। এতে ২১ থেকে ৩৫ বছর বয়সী অবিবাহিত সরকারি কর্মীরা অংশ নিতে পারবেন। প্রচলিত ডেটিং অ্যাপের মতো একসঙ্গে অনেকের প্রোফাইল স্ক্রোল করার পরিবর্তে 'ফার্স্টডেট' অ্যাপটি একবারে কেবল একজন সম্ভাব্য সঙ্গীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। অংশগ্রহণকারীদের দেশটির জাতীয় ডিজিটাল পরিচয় ব্যবস্থা সিংপাসের মাধ্যমে নিবন্ধন করতে হয় এবং আগ্রহ, অভ্যাস ও মূল্যবোধসংক্রান্ত একটি প্রশ্নমালার উত্তর দিতে হয়। এসব তথ্য বিশ্লেষণ করে বিশেষ 'গেল-শ্যাপলি স্টেবল ম্যারেজ' অ্যালগরিদমের মাধ্যমে উপযুক্ত জুটি নির্বাচন করা হয়। তবে সরকারি এই উদ্যোগ নিয়ে সিঙ্গাপুরের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এটিকে কৌতূহলোদ্দীপক উদ্যোগ হিসেবে দেখলেও সমালোচকরা বলছেন, শুধু সরকারি কর্মীদের জন্য এই সুবিধা সীমাবদ্ধ রাখা বৈষম্যমূলক; বয়সসীমা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। উল্লেখ্য, সিঙ্গাপুরে জন্মহার হ্রাসের সংকট দিন দিন তীব্র হচ্ছে। ২০২৫ সালে দেশটিতে প্রথমবারের মতো এক বছরে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ৩০ হাজারের নিচে নেমে গেছে, যেখানে একই সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৬ হাজার ৫০০ জনে। নাগরিকদের পরিবার ও সন্তান গ্রহণে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী লরেন্স ওং ইতিমধ্যে প্রতিটি সন্তানের ১৭ বছর বয়স পর্যন্ত প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার আর্থিক সহায়তাসহ বিভিন্ন সুবিধার ঘোষণা দিয়েছেন।
অবিবাহিত সরকারি কর্মীদের জন্য ম্যাচমেকিং সেবা চালু করল সিঙ্গাপুর
২১ থেকে ৩৫ বছর বয়সী কর্মীরা 'ফার্স্টডেট' অ্যাপে অংশ নিতে পারবেন
বিশেষ প্রতিনিধি (বিশেষ প্রতিনিধি)
প্রকাশিত:
পড়তে ১ মিনিট

খবরটি শেয়ার করুন








