সৌদি আরবে হামলায় নিহত বাংলাদেশি আলেম মুফতি মুহাম্মাদ নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এ সময় নিহত আলেমের তিন এতিম সন্তানের জন্য ১০ লাখ টাকার চেক তুলে দেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ। পোস্টে তিনি জানান, নাসরুল্লাহ বদরের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাদের কাছে গিয়েছিলেন তিনি। একই সঙ্গে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সন্তানদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

পোস্টে শায়খ আহমাদুল্লাহ শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ধারণের দোয়া করেন। পাশাপাশি নিহত নাসরুল্লাহ বদরের জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করেন।

এর আগে ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত হন মুফতি মুহাম্মাদ নাসরুল্লাহ বদর। পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরব গিয়েছিলেন তিনি।