রাজধানী ঢাকাকে জাপানের টোকিওর মতো পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ঢাকাসহ সারা দেশের পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও বায়ুদূষণ কমাতে সরকার কাজ করছে।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় টোকিওর হোটেল নিউ ওতানিতে জাপানপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি’ আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, টোকিওর রাস্তাঘাটে যেভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা হয়, ঢাকায়ও সে ধরনের পরিবেশ তৈরি করা প্রয়োজন। রাজধানীর বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা থেকে জীবাণু ছড়ানোর পাশাপাশি বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে। তাই বর্জ্য অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখা সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বায়ুদূষণ কমানো, পরিবেশের উন্নয়ন এবং বিভিন্ন স্থানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। মানুষের জীবনমান উন্নয়নে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাকে তিনি গুরুত্বপূর্ণ সংস্কার হিসেবে দেখেন। ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে পারলে সেটিকে বড় ধরনের সংস্কার হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

মতবিনিময় অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, সরকারের সংস্কারের মূল লক্ষ্য এমন উদ্যোগ বাস্তবায়ন করা, যাতে সমাজের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষ সরাসরি উপকৃত হয়।

প্রবাসীদের দেশের উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সবার সহযোগিতা দরকার। শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এমন পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে, যার সুফল দেশের বৃহত্তর জনগোষ্ঠী পাবে।