জাপান সফরের অংশ হিসেবে দেশটির শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগসংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) গভর্নর আমাকাওয়া কাজুহিকো, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রেসিডেন্ট সুসুমু কাতাওকাসহ বিভিন্ন বড় কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক ও মধ্যাহ্নভোজের কর্মসূচি রয়েছে।
সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর আবাসস্থলের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেবিআইসির গভর্নর আমাকাওয়া কাজুহিকো।
এরপর সকাল সাড়ে ১০টায় টোকিওর আরিয়াকে এলাকায় ইউনিক্লো কোম্পানি লিমিটেডের সদর দপ্তরে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সকাল ১১টার দিকে সেখান থেকে তাঁর আবাসস্থলে ফেরার কথা রয়েছে।
সকাল সাড়ে ১১টায় জেট্রোর প্রেসিডেন্ট সুসুমু কাতাওকা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে সকাল পৌনে ১২টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত জেট্রোর প্রেসিডেন্টের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।
দুপুর ১টায় জাপানের তিনটি বড় কোম্পানি মিৎসুই অ্যান্ড কোম্পানি, সুমিতোমো করপোরেশন ও জেরা (জেইআরএ)-এর প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রতিটি বৈঠকের জন্য ১০ থেকে ১৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া দুপুর পৌনে ২টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত জাপানের ১৪টি বিশিষ্ট কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে দুটি গ্রুপ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। প্রতিটি গ্রুপে সাতটি করে কোম্পানির প্রতিনিধি থাকবেন।
সফরসূচি অনুযায়ী, এসব বৈঠকে অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সংশ্লিষ্ট উপদেষ্টা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেল ৩টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর আবাসস্থল থেকে জেট্রো ভবনের উদ্দেশে রওনা দেওয়ার কর্মসূচিও রয়েছে।
জাপানের বিনিয়োগসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও শীর্ষ ব্যবসায়িক গোষ্ঠীগুলোর সঙ্গে এসব বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।







