পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি আরও ঘনীভূত হয়ে পরে দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।