টানা ছুটি শেষে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে আবারও ক্লাস শুরু হচ্ছে। অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি চলবে অক্টোবর মাসের শেষ পর্যন্ত। এসব কলেজে ক্লাস শুরু হবে ১ নভেম্বর থেকে।

দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারি নির্বাহী আদেশে ঘোষিত ছুটি উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে ছুটি শুরু হয়েছিল ১৮ অক্টোবর। এর আগে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল।

পরবর্তী সময়ে নির্ধারিত ছুটি শেষ হলেও সাপ্তাহিক ছুটি এবং লক্ষ্মীপূজার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। সব মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পান। ছুটি শেষে আজ থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে।

অন্যদিকে, সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটির মেয়াদ আরও দীর্ঘ। বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে কলেজগুলোতে ছুটি শুরু হয় ১৮ অক্টোবর। এ ছুটি শেষ হবে ২৯ অক্টোবর।

এরপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি থাকায় অক্টোবর মাসের বাকি সময়ও কলেজগুলো বন্ধ থাকবে। টানা ছুটি শেষে ১ নভেম্বর থেকে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে যথারীতি ক্লাস শুরু হবে।