বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসের সদস্যরা প্রথমবারের মতো সমুদ্রে ফ্রি-ফল জাম্প সম্পন্ন করেছেন। নৌবাহিনীর মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট থেকে প্রায় ৮ হাজার ফুট উচ্চতা থেকে লাফ দিয়ে তাঁরা সমুদ্রে নির্ধারিত ড্রপ জোনে সফলভাবে অবতরণ করেন।
সোমবার (২৭ অক্টোবর) নৌবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বিশেষায়িত এ অনুশীলন সোয়াডস সদস্যদের প্যারাশুটিং দক্ষতা বাড়ানোর পাশাপাশি সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোয়াডস কমান্ড ও নেভাল এভিয়েশনের সমন্বয়ে পরিচালিত এ অনুশীলনে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সৈকত’, ডাইভিং বোট ‘মাছরাঙা’ এবং দ্রুতগামী বোটগুলো অংশ নেয়।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অনুশীলনের মাধ্যমে বিশেষায়িত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়বে এবং বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বিতভাবে কাজ করার দক্ষতা আরও উন্নত হবে।
আধুনিক প্রশিক্ষণ, পেশাগত উৎকর্ষ ও সর্বোচ্চ প্রস্তুতির সমন্বয়ে দেশের সমুদ্রসীমা এবং সামুদ্রিক স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।







