ভারতের উপকূলে আঘাত হানার পর ধীরে ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। স্থলভাগে প্রবেশের পর ঝড়টির গতি কমতে শুরু করেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগে দেওয়া পূর্বাভাসের তুলনায় বৃষ্টির পরিমাণ কম হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজধানী ঢাকায় বিকেল অথবা সন্ধ্যার দিকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করছে। এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতেও ভোররাতে ভারতের উপকূলে ঘূর্ণিঝড়টির আঘাত হানার পূর্বাভাস দেওয়া হয়েছিল।

বুধবার সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, স্থলভাগে প্রবেশের পর ঘূর্ণিঝড়টির গতি কমতে শুরু করেছে। বর্তমানে এটি ধীরে ধীরে উপকূল অতিক্রম করছে। ফলে উপকূল অতিক্রমের প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগতে পারে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। এরই মধ্যে উপকূলীয় কিছু এলাকায় বৃষ্টিও হয়েছে। তবে ঝড়টির গতি কমে যাওয়া এবং উত্তর-পশ্চিম দিকে সরে যাওয়ার কারণে বৃষ্টির পরিমাণ আগের ধারণার তুলনায় কম হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর।

এদিকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম অনুভূত হয়েছে। সাগরে লঘুচাপ সৃষ্টি হলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যেতে পারে, যার ফলে গরমের অনুভূতি বাড়ে। এর মধ্যে গত মঙ্গলবার ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ দেশের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। ওই দিন রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা সম্পর্কে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর জানান, বুধবার বিকেল অথবা সন্ধ্যার দিকে ঢাকায় সামান্য বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ আগের পূর্বাভাসের তুলনায় কম হওয়ার আশঙ্কা রয়েছে।

ঘূর্ণিঝড়টির প্রভাব ভারতের অন্ধ্রপ্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও ছড়িয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সমুদ্রসৈকতে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে এবং প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইছে। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।