বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে পাঁচটি অগ্রাধিকার খাত তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার টোকিওতে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) সদর দপ্তরে বাংলাদেশ–জাপান অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর দেওয়া অগ্রাধিকার খাতগুলো হলো গাড়ি উৎপাদন, জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ সহযোগিতা, দ্রুতগতির রেল ও লজিস্টিকস এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ। এসব খাতে জাপানি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়ে ব্যবসার পরিবেশ উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কারের আশ্বাস দেন তিনি।

জ্বালানি খাতে এলএনজি অবকাঠামো, গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন তারেক রহমান। প্রযুক্তি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস ও ইলেকট্রনিকস উৎপাদনকে কেন্দ্র করে বাংলাদেশ–জাপান প্রযুক্তি পার্ক গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। মহাকাশ প্রযুক্তি ও স্যাটেলাইট প্রকৌশলেও জাপানের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

দ্রুতগতির রেল ও লজিস্টিকস খাতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশালসহ প্রধান শহরগুলোকে যুক্ত করে একটি জাতীয় উচ্চগতির রেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরা হয়। পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও খাদ্যশিল্পে জাপানি বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে সুযোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

ফোরামে বাংলাদেশ ও জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি বিনিয়োগ ও সহযোগিতা প্রকল্পের ঘোষণা দেওয়া হয়। এতে টয়োটা তসুশো করপোরেশন, মিৎসুই অ্যান্ড কো. ও কিউশু বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পৃক্ততার কথা উঠে আসে।

জাপানি বিনিয়োগকারীদের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, উন্নত অবকাঠামো এবং কর ও শুল্ক ব্যবস্থায় পূর্বানুমানযোগ্যতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ব্যবসার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।