মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে শুরু হবে। অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় এ তথ্য জানায়। অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্দেশনা ও সক্ষমতা বিবেচনায় তালিকায় নতুন কেন্দ্র যুক্ত হতে পারে, আবার কোনো কেন্দ্র বাদও পড়তে পারে।

মন্ত্রণালয় জানিয়েছে, ৩১ অক্টোবরের আগে করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না। এসব পরীক্ষার ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্যও আবেদন প্রক্রিয়া করা হবে না। সরকারি অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের পরীক্ষা করাতে পারবে না।

এদিকে, অনুমোদন ছাড়াই মেডিকেল পরীক্ষার কথা বলে কিছু দালাল ও অসাধু এজেন্সি কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তাই অনুমোদন নিশ্চিত না হয়ে কাউকে পাসপোর্ট বা টাকা না দেওয়ার জন্য কর্মীদের সতর্ক করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগ স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিলসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা বা এ ধরনের অনিয়মের তথ্য প্রমাণসহ secretary@probashi.gov.bd ঠিকানায় জানানোর অনুরোধ করেছে মন্ত্রণালয়।