ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের কারণে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নিয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন শ্রমিকরা। পরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, শ্রমিকদের অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
একটি শ্রমিক সংগঠনের নেতা জানান, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়েছেন। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতেই তারা সড়ক অবরোধ করেছেন।







