স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো কোনো লক্ষণ দেখছেন না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনের আগে থেকেই জনগণকে ভয় দেখানো হচ্ছে। এ ধরনের ভয়ভীতি ও দলীয় প্রভাবের মধ্যে নির্বাচন হলে তা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই।

মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাংগঠনিক সফরে মৌলভীবাজারে গিয়ে এ সভায় অংশ নেন জামায়াতের আমির।

শফিকুর রহমান বলেন, ‘স্থানীয় নির্বাচনের আগে আমরা অবশ্যই রাস্তা পরিষ্কার করার চেষ্টা করব। লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) আমরা চাইব। যখন সেই লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা পাব, তখন নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা জনগণের অধিকার নিয়ে লড়তে চাই। আমরা চাই, জনগণ যাকে ভোট দিয়ে পছন্দ করবে, সে-ই ক্ষমতায় যাবে।’

সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশে একটার পর একটা অঘটন ঘটতে থাকবে আর আমরা চুপ করে বসে থাকব—ইতিহাস কি আমাদের ক্ষমা করবে? সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন? সরকারের অপকর্ম, অন্যায়-অপরাধের দায় আমরা নেব না।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, ‘আমাদের কেউ অন্যায় করলেও আমরা ছাড় দিইনি। আমরা নীতির প্রশ্নে কাউকে বড় করে দেখব না, নীতিকে বড় করে দেখব। দুর্নীতিবাজ, চাঁদাবাজ কোনো দলের নয়। দল বিপদে পড়লে এরা আগে পালায়।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন শফিকুর রহমান। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সৌভাগ্যক্রমে একজন স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি, যিনি সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন। তাঁর প্রথম কাজ হচ্ছে নিজের মন্ত্রণালয় দেখাশোনা করা। না তিনি মাদক নিয়ন্ত্রণ করলেন, অস্ত্র নিয়ন্ত্রণ করলেন; না তিনি সমাজে শৃঙ্খলা ফেরাতে পারলেন। রাষ্ট্রের আইনশৃঙ্খলার দৃশ্যমান কোনো উন্নতি নেই।’

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার বিষয়টি উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ‘দু-তিন দিন আগে দুর্গাপূজা শেষ হয়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এ দেশে ক্রিয়াশীল সব রাজনৈতিক দল এ ব্যাপারে সতর্ক ছিল। দেশ আমাদের সবার। এখানে মানুষ তার পছন্দমতো ধর্মীয় আচার-অনুষ্ঠান করবে। এতে অন্য কারও বাধা দেওয়া উচিত নয়।’