গাইবান্ধা প্রতিনিধি : মোঃ আঃ রহমান শিপন


গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানে মালবোঝাই ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামে এক পান শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালকসহ আরও দুইজন আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


সোমবার (২ নভেম্বর) সকালে সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট (কামরাঙ্গার তল) এলাকায় এ দূর্ঘটনা ঘটে।


নিহত এনামুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের হাজীপাড়া এলাকার মৃত সোলেমানের ছেলে। আহতরা হলেন- একই এলাকার মোন্তাজ আলীর ছেলে আহত আনোয়ার হোসেন (৪২) ও আব্দুস ছাত্তারের ছেলে ভ্যানচালক আব্দুল হামিদ (৪১)। এরমধ্যে আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টার দিকে ওই এলাকায় একটি পানের বরজে কাজ করতে আসেন তিন শ্রমিক। এসময় সুন্দরগঞ্জ-রংপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অটোভ্যানটি দাঁড়ালে পিছন থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে গিয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এনামুল হক। এসময় অটোভ্যান চালকসহ আরও দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। আহত দুজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


এ বিষয়ে ইমাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, এনামুল হকের মরদেহ বাড়িতে আনা হয়েছে। আহত দুইজনই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।


বিষয়টি নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই পান শ্রমিক। নিহতের মরদেহ স্বজদের কাছে হস্তান্তর করা হয়েছে।


তিনি আরো বলেন, ঘাতক ট্রাকটি পীরগাছা থানা পুলিশ আটক করেছে। ট্রাকটি হেফজতে নিয়ে মামলা করা হবে বলে জানান তিনি।