পাবনার ঈশ্বরদীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোবারক হোসেন (২৬) নামে এক ব্যক্তির গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। অভিযুক্ত জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে কর্মসূচিতে অভিযোগ করেন বক্তারা।
রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার মুলাডুলি রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীসহ কয়েকশ মানুষ অংশ নেন।
২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক পরিচয় ও প্রভাব ব্যবহার করে যেন আইনের আওতা থেকে রক্ষা না পান। তাঁরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তারের দাবি জানান।
অভিযুক্ত মোবারক হোসেন মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা গ্রামের ছামের হোসেনের ছেলে।
যেভাবে ঘটনার অভিযোগ
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে কৌশলে লিচুবাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটির চিৎকার ও কান্নাকাটির একপর্যায়ে অভিযুক্ত পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার তিন দিন পর শিশুটির বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন।
অভিযুক্তকে ধরতে অভিযান
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, শিশুটির বাবা মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।









