শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যেন সঠিকভাবে চলে এবং মানুষের জানমাল নিরাপদ থাকে, সে বিষয়ে প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।

ডিসেম্বর ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ

মন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন, ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, এ ধরনের ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে বৈঠক

এর আগে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পোশাকশ্রমিকদের আন্দোলন, মিরপুরের সংঘর্ষ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।