বাংলা কিউআর কোডের মাধ্যমে এখন ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ে (পিটুপি) টাকা পাঠানো যাবে। রোববার (১ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এ সুবিধা চালু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নতুন ব্যবস্থায় একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারবেন। এতে প্রাপকের মোবাইল নম্বর বা অ্যাকাউন্ট নম্বর টাইপ করার প্রয়োজন হবে না।

সব আর্থিক প্রতিষ্ঠানের অ্যাপে সুবিধা

এর আগে দেশের সব ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেম অপারেটরকে (পিএসও) ৩১ অক্টোবরের মধ্যে নিজ নিজ অ্যাপে এ সুবিধা যুক্ত করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, এ উদ্যোগে নগদ টাকার ব্যবহার কমবে এবং ডিজিটাল লেনদেন বাড়বে। একই সঙ্গে লেনদেন আরও সহজ ও অন্তর্ভুক্তিমূলক হবে।

নগদবিহীন লেনদেন বাড়ানোর উদ্যোগ

লেনদেনকে দ্রুত, নিরাপদ ও কম খরচে সম্পন্ন করার লক্ষ্যে ২০২৩ সালে কিউআর কোডভিত্তিক সমন্বিত পেমেন্ট ব্যবস্থা চালু করে বাংলাদেশ ব্যাংক।

২০২৭ সালের মধ্যে দেশের মোট লেনদেনের ৭৫ শতাংশ নগদবিহীন করার লক্ষ্য নিয়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ট্রেড লাইসেন্স গ্রহণ ও নবায়নের ক্ষেত্রেও কিউআর কোডে পেমেন্টের সুবিধা চালু করা হয়েছে।

এ ছাড়া চলতি বছরের ৩০ জুনের মধ্যে ব্যাংক, এমএফএস প্রতিষ্ঠান, পিএসপি ও পিএসওগুলোকে ব্যবসাপ্রতিষ্ঠানে নিজস্ব কিউআর কোডের পরিবর্তে বাংলা কিউআর কোড চালুর নির্দেশ দেওয়া হয়েছিল।