এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালেও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। শুক্রবার জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে এশিয়া কাপজয়ী ভারত।

ভারত-জাপান ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ৫৭ রানে অলআউট হয় জাপান। ভারতীয় বোলারদের দাপটে ১৯.৫ ওভারেই শেষ হয় তাদের ইনিংস। জবাবে ৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত।

অন্যদিকে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি চীনের বিপক্ষে মাঠ ভেজা থাকার কারণে অনুষ্ঠিত হয়নি। র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে ম্যাচ না খেলেই সেমিফাইনালে জায়গা করে নেয় নিগার সুলতানা জ্যোতির দল।

citytouch 728-X-90

এর আগে নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৪২ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে সেই ভারতের বিপক্ষেই ফের মাঠে নামতে হবে জ্যোতি-নাহিদাদের।

আগামী ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায় করোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের দ্বিতীয় সেমিফাইনাল। একই দিনে প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ২২ সেপ্টেম্বর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল।