চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার চট্টগ্রামের একটি আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পাঁচ আসামিকে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করে পুলিশ।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতিটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত উভয় মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

citytouch 728-X-90

গত ২৯ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত থেকে চার সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রামে এনে সংশ্লিষ্ট দুই মামলায় আদালতে হাজির করা হয়।

পুলিশের তথ্যমতে, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে।