জাতীয়


বেনজীরকে দেশে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২০ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার

বেনজীরকে দেশে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সংযুক্ত আরব আমিরাতের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর দুবাইয়ে আটক হওয়া বেনজীর আহমেদের বিরুদ্ধে চলমান মামলাগুলোর বিস্তারিত তথ্য, অভিযোগপত্র এবং প্রয়োজনীয় আইনি নথি সংযুক্ত করে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে।

তিনি জানান, দুবাইয়ে আটকের পরপরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথিপত্র দেশটির কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এসব নথির ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের আদালত বিষয়টি পর্যালোচনা করবে এবং প্রত্যর্পণ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা আশা করছি, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে এবং তিনি দেশের আদালতে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন।”

দেশে চলমান ছয়টি মামলা

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশে মোট ছয়টি মামলা চলমান রয়েছে।

এর মধ্যে একটি মামলায় সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে, আর বাকি মামলাগুলো বিভিন্ন পর্যায়ে তদন্তাধীন রয়েছে। এসব মামলার অগ্রগতি এবং তদন্ত সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য রোববার আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রত্যর্পণ চুক্তি না থাকলেও চলছে আইনি উদ্যোগ

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সরাসরি কোনো বন্দী প্রত্যর্পণ চুক্তি নেই। তবে এ ক্ষেত্রে ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স’ (এমএলএ) বা পারস্পরিক আইনি সহযোগিতা কাঠামোর আওতায় সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ চুক্তি না থাকলেও আন্তর্জাতিক আইনি সহযোগিতার বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে।”

একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন প্রয়োগ ও বিচারিক সহযোগিতার ক্ষেত্রে আগের যেকোনো সময়ের তুলনায় আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করছে।

দুবাইয়ে আটক বেনজীর

উল্লেখ্য, ইন্টারপোলের রেড নোটিশ জারির পর গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক হন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ।

পরদিন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর এজাহার, অভিযোগপত্র, তদন্ত-সংশ্লিষ্ট নথি এবং অন্যান্য প্রয়োজনীয় আইনি দলিল সংযুক্ত করে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে।

সরকারি সূত্র অনুযায়ী, এখন সংযুক্ত আরব আমিরাতের আদালত নথিপত্র যাচাই-বাছাই করে প্রত্যর্পণ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আদালত প্রত্যর্পণের পক্ষে সিদ্ধান্ত দিলে বেনজীর আহমেদের সামনে আপিল করার সুযোগও থাকবে।

আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তার বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

 


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কাদেরসহ ৭ জনের মামলায় সাক্ষ্য শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ৪ আগস্ট দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।