বাংলাদেশ


মৃত্যুর পরও ওসমান হাদির যে বক্তব্য এখন সবচেয়ে আলোচনায়


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার

মৃত্যুর পরও ওসমান হাদির যে বক্তব্য এখন সবচেয়ে আলোচনায়

শহীদ শরিফ ওসমান হাদির কিছু বক্তব্য এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মৃত্যুর পর তার বলা কথাগুলো নতুন করে নাড়া দিচ্ছে মানুষকে অনেকের চোখে জল, অনেকের মনে ক্ষোভ আর প্রশ্ন। জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই ভারতীয় আধিপত্যবাদ, বাংলাদেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে আপসহীন অবস্থান নিয়েছিলেন শরিফ ওসমান হাদি। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন তিনি, যা বারবার উঠে এসেছে তার বক্তব্যে।

 

মৃত্যুর কয়েকদিন আগেই এক আলোচিত বক্তব্যে হাদি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত বুকে বা মাথায় গুলি না লাগবে, ততক্ষণ পর্যন্ত আমরা অতিরিক্ত নিরাপত্তা নেব না। তবে যদি আমাদের গুলি করে মেরে ফেলা হয়, তাহলে যেন খুনিদের ধরে বিচার করা হয়। সেটা করতে না পারলে নতুন কেউ জন্মাবে না।

 

গুলিতে নিহত হওয়ার পর এই বক্তব্যই এখন সবচেয়ে বেশি আলোচিত। অনেকেই বলছেন, যেন নিজের পরিণতির কথাই আগেই বলে গিয়েছিলেন তিনি। আরও একটি বক্তব্য সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে গেছে গভীরভাবে। নিজের শিশু সন্তানকে নিয়ে তিনি বলেছিলেন, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখবেন।

 

শরিফ ওসমান হাদি ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী গণসংযোগের উদ্দেশ্যে রাজধানীর বিজয়নগর এলাকায় যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে তিনি গুরুতর আহত হন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকায় এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

জীবদ্দশায় হাদি বারবার দেশপ্রেমের প্রশ্নে আপসহীন থাকার কথা বলেছেন। এক বক্তব্যে তিনি বলেন, জীবন যাবে, তবু দেশপ্রেমের প্রশ্নে আপস করব না। পুরো দুনিয়া লিখে দিলেও দেশের সঙ্গে, জমিনের সঙ্গে গাদ্দারি করব না।

 

রাজনীতিবিদদের উদ্দেশে তার প্রশ্নও ব্যাপক আলোচনার জন্ম দেয়। তিনি বলেছিলেন, রাজনীতি তো বেতন দেয় না। তাহলে রাজনীতিবিদরা চলে কীভাবে এই প্রশ্ন যদি মানুষ করা শুরু করে, তাহলে বাধ্য হয়ে এমপি–মন্ত্রীদের ছোট দোকান হলেও খুলতে হবে।

 

ভোটারদের উদ্দেশেও ছিল তার স্পষ্ট বার্তা- প্রতীক দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন। একজন ভালো মানুষকে একবার ভোট দিলে আপনি আর আপনার পরিবার পাঁচ বছর ভালো থাকবে।

 

নিজের নির্বাচনী জয় নিয়ে তিনি খুব একটা মরিয়া ছিলেন না। বরং রাজনীতির দীর্ঘমেয়াদি পরিবর্তনের কথাই বেশি বলেছেন। হাদি বলেছিলেন, নির্বাচন করলে জিতব এইটা প্রথম কথা না। আমরা রাজনীতির গতিপথ বদলাতে চাই। হয়তো আগামী ৫০ বছরে জিততেও পারি, নাও পারি। কিন্তু নতুন একটা ধারা তৈরি করতে চাই।

 

জুলাই আন্দোলনের পর রাজনীতির গতিপথ নিয়ে হতাশাও গোপন করেননি তিনি। এনসিপির সমালোচনা করে হাদি বলেছিলেন, জুলাই আন্দোলনকে কুক্ষিগত করা হয়েছে, দুর্নীতিও হয়েছে। আজ থেকে দশ মাস আগে যারা আন্দোলনে আহত ছিল, তারা কীভাবে কোটি কোটি টাকার মালিক হয় এই প্রশ্নের জবাব ইতিহাসকে দিতে হবে।

 

মৃত্যু নিয়ে তার ভাবনাও ছিল ব্যতিক্রমী ও সাহসী। এক বক্তব্যে তিনি বলেন, যিনি রাজনীতি করেন, যিনি সংগ্রামী তার মৃত্যু ঘরে বসে হতে পারে না। আমি স্বপ্ন দেখি, অন্যায়ের বিরুদ্ধে এক বিশাল মিছিলের সামনে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হব।

 

তিনি আরও বলেন, একজন শহীদের রক্তের বিনিময়ে যদি বাংলাদেশ গড়ে ওঠে, তাহলে হাজার বছর মানুষ তার জন্য দোয়া করবে।

 

সবশেষে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে হাদির কণ্ঠে ছিল দৃঢ় ঘোষণা আমরা হয়তো মরে যাব, শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। কিন্তু যতক্ষণ বেঁচে থাকি, ততক্ষণ ইনসাফের বাংলাদেশের জন্য লড়াই করব।

 

মৃত্যুর পর এসব কথাই যেন নতুন করে ফিরে এসেছে মানুষের মনে। অনেকের কাছে শরিফ ওসমান হাদি এখন শুধু একটি নাম নয় তিনি হয়ে উঠেছেন প্রতিবাদ, সাহস আর ইনসাফের প্রতীক।


জনপ্রিয়


বাংলাদেশ থেকে আরও পড়ুন

ট্যাক্স ফাঁকির অভিযোগে ‘ঘরের বাজার’কে ৭.৮৭ লাখ টাকা জরিমানা

আয়কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে দেশের পরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ঘরের বাজার’-কে ৭ লাখ ৮৭ হাজার ৫১৪ টাকা জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সময়ে প্রতিষ্ঠানটির কিছু পণ্যের মান ও বিপণন পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোক্তাদের একাংশ বিভিন্ন অভিযোগ তুলেছেন।

বিএসটিআই পরীক্ষায় হায়ারের ২ টনের এসিতে কম কুলিং ক্ষমতার অভিযোগ

রাজধানীর গুলশানে পরিচালিত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এক অভিযানে অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে জব্দ করা দুটি ২ টনের এয়ার কন্ডিশনার (এসি) পরীক্ষার পর ঘোষিত কুলিং ক্ষমতার সঙ্গে প্রকৃত সক্ষমতার অমিল পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই বেকিং পাউডার, আইসিং সুগার ও কাস্টার্ড পাউডার বিক্রির অভিযোগে দেশের অন্যতম রিটেইল সুপারস্টোর চেইন আগোরা লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় জাদুঘরে প্রদর্শিত মেসির স্বাক্ষরিত জার্সি, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটি জার্সি এখন প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। বিরল এই স্মারকটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন শত শত দর্শনার্থী। বিশেষ করে মেসি-ভক্ত ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জার্সিটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে।