রাজনীতি
আমার কিছু হলে এর দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে: আখতার হোসেন
.jpg)
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ নির্বাচনী এলাকা রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনের হারাগাছে প্রথম সফরে যাচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তার এই সফরকে ঘিরে হারাগাছে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পৌর বিএনপি। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে আখতার হোসেন লেখেন, “আমার হারাগাছে আসা নিয়ে যদি কিছু ঘটে, তার দায় ভরসা এবং বিএনপির হাইকমান্ডকে নিতে হবে। আমরা হারাগাছের নিপীড়িত শ্রমিকদের পক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ।”
ফেসবুক স্ট্যাটাসে আখতার হোসেন অভিযোগ করেন, নির্বাচনের দিন হারাগাছ পৌরসভায় তার দলের কর্মীদের কেন্দ্রের সামনে দাঁড়াতে দেওয়া হয়নি। বিভিন্ন কেন্দ্রে তার কর্মীদের মারধর, ভোটার স্লিপ বিতরণের টেবিল ভাঙচুর এবং হুমকি দেওয়ার অভিযোগও তোলেন তিনি।
তিনি দাবি করেন, কিছু কেন্দ্রে কাস্টিং ভোটের হিসাব নিতে গেলে বাধার মুখে পড়েন। হারাগাছ মডেল কলেজ কেন্দ্রে তাকে মারধরের হুমকি দেওয়া হয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানান।
আখতার হোসেন আরও অভিযোগ করেন, নির্বাচনের ফল ঘোষণার পর তার কর্মীদের বাড়িঘর ভাঙচুর, মারধর ও লুটপাট করা হয়েছে। তার ভাষ্য, “নির্বাচনের ১০ দিন পার হলেও অনেক কর্মী এখনো বাড়িতে ফিরতে পারেননি।”
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন শাপলা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা পান ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট।
নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন এমদাদুল হক ভরসা। তিনি ভোট পুনর্গণনার দাবি জানান। নির্বাচনের পর কয়েক দিন তার সমর্থকেরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে ভোট পুনর্গণনা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
আখতার হোসেনের অভিযোগ প্রসঙ্গে জানতে কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি ও রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে আখতার হোসেন জানিয়েছেন, তিনি হারাগাছে ভাঙচুরের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং উন্নয়ন বরাদ্দের কাজ পর্যালোচনা করতে যাচ্ছেন। তবে সফর ঘিরে উত্তেজনা বাড়ায় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পর্কিত
জনপ্রিয়
রাজনীতি থেকে আরও পড়ুন
যুবদলের জরুরি সভায় সভাপতি-সাধারণ সম্পাদকের তর্কাতর্কি, বৈঠক পণ্ড
সদ্য ঘোষিত যুবদলের নির্বাহী কমিটিতে নিষ্ক্রিয় ও বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর তা নিয়ে আলোচনা করতে ডাকা জরুরি সভায় সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠায় সভা স্থগিত করা হয়।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুলকে পদোন্নতি দিল বেবিচক
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশলী আমিনুল হাসিবকে সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি দেওয়াকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের একটি অংশের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।

বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতা মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে: সাইফুল হক
বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশ ইন’ তৎপরতার ফলে সীমান্ত এলাকায় মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি দাবি করেছেন, শিশু ও নারীসহ কয়েকশ মানুষকে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়ে বিএসএফ চরম অমানবিক পরিস্থিতির সৃষ্টি করেছে।

বিসিবি নির্বাচন নিয়ে এনসিপির অভিযোগ, ‘ক্রিকেটকে রাজনৈতিক নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রভাব বিস্তার এবং ক্রিকেট প্রশাসনকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার দাবি করেছেন, দেশের ক্রিকেটকে দুর্বল করে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া চলছে, যেখানে দেশীয় রাজনৈতিক শক্তির পাশাপাশি বিদেশি প্রভাবও কাজ করছে।








