ব্যবসা
বাংলাদেশে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল দারাজ

ঢাকায় সম্প্রতি দারাজের বিনিয়োগ ও পরিচালনা কার্যক্রম নিয়ে বিভিন্ন আলোচনা ও সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের নিয়মিত ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
বুধবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দারাজ কর্তৃপক্ষ এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে যে চিত্র তুলে ধরা হয়েছে, তা প্রতিষ্ঠানের বর্তমান কৌশলগত অগ্রাধিকার কিংবা দৈনন্দিন কার্যক্রমের প্রতিফলন নয়। এ কারণে বাংলাদেশে তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবস্থান স্পষ্ট করেছে প্রতিষ্ঠানটি।
দারাজ জানায়, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহক অভিজ্ঞতা আরও উন্নত করতে প্রযুক্তিনির্ভর সমাধানে বিনিয়োগ অব্যাহত রয়েছে। বাংলাদেশজুড়ে একটি টেকসই ও দীর্ঘমেয়াদি ডিজিটাল বাণিজ্য ব্যবস্থা গড়ে তোলাই প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান লক্ষ্য।
দারাজ বাংলাদেশের এক মুখপাত্র বলেন, “দারাজ বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বাংলাদেশ দারাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। আমরা টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং দেশের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “ব্যবসার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা নিয়মিতভাবে আমাদের সাংগঠনিক কাঠামো পর্যালোচনা করি, যাতে দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে কার্যক্রমের সামঞ্জস্য বজায় থাকে।”
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রেও সক্রিয় রয়েছে দারাজ বাংলাদেশ। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি।
দারাজ জানায়, বিভিন্ন মানবিক সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এবং প্রতিষ্ঠান ও কর্মীদের যৌথ অনুদানের মাধ্যমে বন্যাদুর্গত জনগোষ্ঠীর পুনর্বাসনে ১ কোটি ২০ লাখ টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, গ্রাহকসেবা উন্নয়ন এবং দেশের ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্য নিয়ে বাংলাদেশে দীর্ঘমেয়াদে কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।
জনপ্রিয়
ব্যবসা থেকে আরও পড়ুন
সাশ্রয়ী মূল্যে বিজ্ঞানভিত্তিক স্কিনকেয়ার পণ্য আনল দ্যা সেলেস্টে
বাংলাদেশের বিউটি ও স্কিনকেয়ার বাজারে সাশ্রয়ী মূল্যে বিজ্ঞানভিত্তিক স্কিনকেয়ার পণ্য নিয়ে এসেছে দেশীয় ব্র্যান্ড দ্যা সেলেস্টে। ২০২৪ সালে যাত্রা শুরু করা ব্র্যান্ডটির লক্ষ্য আন্তর্জাতিক মানের স্কিনকেয়ার পণ্যকে সমাজের সব শ্রেণির মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা।

ডাচ-বাংলা ব্যাংকের এটিএমে নগদ সংকট, গ্রাহকদের মধ্যে উদ্বেগ
দীর্ঘ ঈদের ছুটি শেষে দেশজুড়ে অফিস-আদালত ও ব্যবসা-বাণিজ্য কার্যক্রম শুরু হলেও ডাচ-বাংলা ব্যাংক পিএলসির (ডিবিবিএল) বিভিন্ন এটিএম বুথে নগদ অর্থের সংকট দেখা দিয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বগুড়াসহ বিভিন্ন এলাকায় ব্যাংকটির বুথগুলোতে টাকা না পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকরা। এতে সাধারণ কার্ডধারী ও রকেট ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েছেন এবং ব্যাংকের সেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

নিট মুনাফা না হলেও বোনাস পাবেন ব্যাংকাররা, নীতিমালা শিথিল করল বাংলাদেশ ব্যাংক
ব্যাংক খাতে কর্মীদের কাজে উৎসাহ দিতে বোনাস প্রদানের নীতিমালা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে নিট মুনাফা না হলেও পরিচালন মুনাফা (অপারেটিং প্রফিট) থাকলেই ব্যাংকগুলো তাদের কর্মকর্তাদের উৎসাহ বোনাস দিতে পারবে।

সাবেক উপদেষ্টার প্রতিষ্ঠানের হেলিকপ্টার লাইসেন্স অনুমোদন: ‘আকিজ বশির এভিয়েশন’ পেল বেবিচকের ছাড়পত্র
বাণিজ্যিক ভিত্তিতে দেশে হেলিকপ্টার সার্ভিস পরিচালনার লাইসেন্স পেয়েছে সাবেক বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দীন-এর মালিকানাধীন প্রতিষ্ঠান আকিজ বশির এভিয়েশন।








