

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের দুটি মনোনয়নপত্র রয়েছে।
ফলে এই মুহূর্তে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুজন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
নিজ দপ্তরের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে অলি আহমদের দুটি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র রয়েছে। তিনি বলেন, বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে দুজন রয়েছেন।
ইসি সচিব জানান, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে রাষ্ট্রপতি পদে জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করেছে। অন্যদিকে বিরোধী দল বা ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।






