জেলা খবর


নিজ ঘরে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার


নিউজ কো-অর্ডিনেটর

শাহারিয়া নয়ন

প্রকাশিত:১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার

নিজ ঘরে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার
শরীয়তপুরের সদর উপজেলায় নিজ বসতঘরে অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (আজ) ভোরে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম কামরুন নাহার (৮৫)। তিনি ঢালীকান্দি গ্রামের মৃত মোসলেম সরদারের স্ত্রী। প্রায় ৩০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর সন্তান না থাকায় তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন। তবে আশপাশের প্রতিবেশী ও স্বজনেরা নিয়মিত তাঁর খোঁজখবর রাখতেন।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, টিন ও কাঠের তৈরি ঘরটিতে একাই থাকতেন কামরুন নাহার। শুক্রবার রাতের খাবার শেষে তিনি ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে হঠাৎ ঘরটিতে আগুন ধরে যায়। এ সময় তিনি ঘরের ভেতরেই ছিলেন। প্রতিবেশীরা আগুনের খবর পেয়ে দ্রুত নেভানোর চেষ্টা করেন, তবে ততক্ষণে আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে শরীয়তপুর সদর উপজেলার পালং মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
নিহতের দেবরের ছেলে আবদুস সালাম বলেন, “ভোরে ছেলের চিৎকারে ঘুম ভেঙে দেখি কাকির ঘরে আগুন লেগেছে। আমরা আগুন নেভাই, কিন্তু তখন কাকি আর বেঁচে ছিলেন না। ঘরে বিদ্যুতের সংযোগ ছিল না। কাকি ঘরে মালসা (মাটির তৈরি বড় বাটি বা সরা) ব্যবহার করতেন। ধারণা করছি, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।”
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয়


জেলা খবর থেকে আরও পড়ুন

বাংলাদেশে পুশইনের চেষ্টা, ফেনী সীমান্তে ৭ ভারতীয়কে ফিরিয়ে দিল বিজিবি

ভোরের অন্ধকারে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাত ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির দ্রুত তৎপরতা, কৌশলগত অবস্থান এবং কঠোর প্রতিরোধের মুখে সেই চেষ্টা ভেস্তে যায়। একপর্যায়ে বাংলাদেশে কাউকে প্রবেশ করাতে না পেরে বিএসএফ সদস্যরা তাদের সঙ্গে নিয়েই ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।

মানিকগঞ্জ সদর থানার ওসির কক্ষে আগুন, পুড়েছে টিভি-এসি-আসবাব; ক্ষতি প্রায় ৪ লাখ টাকা

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কক্ষের টিভি, এসি, আলমিরা, সোফাসহ প্রায় সব আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ থেকে ৪ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র প্রধান গ্রেপ্তার

ভোলার মনপুরায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ‘স্বপন বাহিনী’র প্রধান স্বপন (৫০) গ্রেপ্তার হয়েছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি মাছের আড়ত থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

লাইসেন্স ও চিকিৎসক না থাকায় মানিকগঞ্জে ৩ স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে মানিকগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে জেলা স্বাস্থ্য বিভাগের পরিচালিত অভিযানে নানা অনিয়মের প্রমাণ মিলেছে। এসব অনিয়মের দায়ে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।