

স্ত্রীকে খুন করেন ২২ বছর আগে। এই ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। কিন্তু ঘটনার পরপরই আত্মগোপনে চলে যাওয়ায় আদালতের দেওয়া সাজা কার্যকর করা না সম্ভব না হলেও শেষ রক্ষা হয়নি তার। ২২ বছর পর সে ধরা পড়েছে পুলিশের কাছে।
বুধবার মধ্যরাতে রাজধানীর খিলক্ষেতের বড়ুয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ৫৫ বছর বয়সী ঘাতক স্বামী আনোয়ার হোসেনকে। এ তথ্য নিশ্চিত করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
আনোয়ারের গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ীর রাজারামপুরে। সে ২০০০ সালে তার দ্বিতীয় স্ত্রী আলতাফুন ওরফে আলতা বেগমকে (২৫) খুন করে। পরে এই খুনের অভিযোগে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
পরে ২০০৫ সালে ওই মামলার আদালত আনোয়ারকে যাবজ্জীবন সাজা দেন। কিন্তু গ্রেপ্তার, সাজা থেকে বাঁচতে নাম-পরিচয় গোপন করে আনোয়ার ঢাকার খিলখেতে একটি ‘স’ মিলে কাজ করে আসছিলেন। তার সহকর্মীদের কেউই জানত না যে সহজ সরল দেখতে বয়োজ্যেষ্ঠ এই লোকটি একটি খুনি। অবশেষে পুলিশের এটিইউ শাখা এবং দিনাজপুর জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হওয়ার পর সবার সামনে আসে তার আসল চেহারা।


