আইন আদালত


সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও পক্ষপাতমূলক তদন্তের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৭ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার

আপডেট:১৭ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার

সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও পক্ষপাতমূলক তদন্তের অভিযোগ

ছবি: সংগৃহীত


ঢাকার পল্লবী থানায় দায়েরকৃত একটি সিআর মামলার তদন্তকে ঘিরে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তদন্ত প্রতিবেদন দাখিলের গুরুতর অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি মহাপরিদর্শক (আইজিপি), বাংলাদেশ পুলিশ বরাবর একটি বিস্তারিত লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

 

অভিযোগের কেন্দ্রে রয়েছেন মোঃ আনিছুর রহমান (বিপি নং: ৮৩১১১৩৪৩৪৬), পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ঢাকা মেট্রো (পশ্চিম) সিআইডি, ঢাকা। তিনি সিআর মামলা নং-১০৩৭/২০২৪ (ধারা: ৩৮০/৪৬৭/৪৬৮/৪৭১ দণ্ডবিধি)-এর তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

 

লিখিত অভিযোগে বলা হয়েছে, দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা আইন ও নৈতিকতার সীমা লঙ্ঘন করে ব্যক্তিগত আর্থিক সুবিধার বিনিময়ে একটি পক্ষপাতমূলক তদন্ত পরিচালনা করেছেন। অভিযোগকারীর দাবি অনুযায়ী, তদন্ত চলাকালে তিনি শুধু বাদী পক্ষের কাছ থেকেই নয়, বরং অভিযোগকারীর কাছ থেকেও প্রায় ১ লক্ষ টাকা ঘুষ হিসেবে গ্রহণ করেন।

 

অভিযোগে উল্লেখ করা হয়, এই অর্থ গ্রহণের সময় তদন্তকারী কর্মকর্তা প্রতিশ্রুতি দেন যে অভিযোগকারীর প্রদত্ত সকল প্রমাণাদি তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে এবং উভয় পক্ষকে সমান গুরুত্ব দিয়ে নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হবে। তবে বাস্তবে সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

 

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, তার দেওয়া গুরুত্বপূর্ণ দলিল ও প্রমাণাদি চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি। বরং তিনি দাবি করেন, সংশ্লিষ্ট কর্মকর্তা ওই অর্থ আত্মসাৎ করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তার পক্ষে উপস্থাপিত তথ্যগুলো উপেক্ষা করেছেন।

 

এছাড়া অভিযোগে আরও বলা হয়েছে, তদন্ত প্রতিবেদনে এমন কিছু তথ্য সংযোজন করা হয়েছে, যা মামলার মূল এজাহার বা আরজিতে উল্লেখ ছিল না। এসব তথ্যকে সম্পূর্ণ বানোয়াট, অতিরঞ্জিত এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। অভিযোগকারীর মতে, তাকে হেয় প্রতিপন্ন করা এবং সামাজিক ও আইনগতভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই এসব তথ্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

পক্ষপাতমূলক তদন্তের অভিযোগ প্রসঙ্গে বলা হয়েছে, একজন তদন্তকারী কর্মকর্তার দায়িত্ব হলো উভয় পক্ষের বক্তব্য ও প্রমাণাদি সমান গুরুত্বের সাথে বিবেচনা করা এবং নিরপেক্ষভাবে সত্য উদঘাটন করা। কিন্তু এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অভিযোগে বলা হয়, তিনি অর্থের বিনিময়ে বাদী পক্ষের পক্ষে পক্ষপাতমূলকভাবে তদন্ত পরিচালনা করেছেন এবং অভিযোগকারীর দেওয়া গুরুত্বপূর্ণ প্রমাণাদি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছেন।

 

অভিযোগকারী তার দরখাস্তে এ ধরনের কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার এবং প্রচলিত আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, ঘটনাটি দণ্ডবিধি, পুলিশ আইন এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর আওতায় শাস্তিযোগ্য অপরাধ।

 

অভিযোগে মহাপরিদর্শকের নিকট দুটি সুনির্দিষ্ট দাবি জানানো হয়েছে—প্রথমত, অভিযুক্ত কর্মকর্তা মোঃ আনিছুর রহমানের বিরুদ্ধে অনতিবিলম্বে বিভাগীয় তদন্ত পরিচালনার নির্দেশ প্রদান এবং দ্বিতীয়ত, অভিযোগ প্রমাণিত হলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ ও পুলিশ আইন, ২০০৭ অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

 

একই সঙ্গে অভিযোগের অনুলিপি প্রধান, সিআইডি; ডিআইজি, ঢাকা মেট্রো (পশ্চিম); এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রেরণ করা হয়েছে।

 

এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা মোঃ আনিছুর রহমানের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। দুরবীন নিউজ বিষয়টির পরবর্তী অগ্রগতি পর্যবেক্ষণ করছে।


সম্পর্কিত

সিআইডিবাংলাদেশপল্লবী থানাদুর্নীতি অভিযোগ

জনপ্রিয়


আইন আদালত থেকে আরও পড়ুন

মানবাধিকার আইন দুর্বল করার অভিযোগ: বিচারপতি মইনুলসহ ৫ সাবেক কমিশনারের খোলা চিঠি

মানবাধিকার কমিশন অধ্যাদেশ সংসদে পাস না হওয়া এবং তা বাতিলের প্রেক্ষাপটে সংসদে উপস্থাপিত তথ্যের জবাব, সরকারের প্রকৃত আপত্তি চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ আইনের মান নিশ্চিত করতে প্রস্তাবনা তুলে ধরে খোলা চিঠি দিয়েছেন সদ্য বিদায়ী পাঁচজন মানবাধিকার কমিশনার।

জবাবদিহিমূলক ও আধুনিক আইন প্রণয়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি: আইনমন্ত্রী

চ্ছতা, জবাবদিহিতা ও সময়োপযোগিতার ভিত্তিতে আইন প্রণয়নে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—এ কথা জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আবু সাঈদ হত্যা মামলায় ঐতিহাসিক রায়: দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতির ১০ বছর কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন।

লালবাগে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীকে দুই দিনের রিমান্ডে চায় ডিবি

রাজধানীর লালবাগ থানায় গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।