জাতীয়
ভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদ: এসএসসি পরীক্ষার্থীর নাম টেলিগ্রাম চক্রে

ঢাকা, ১০ মে ২০২৬: এসএসসি ও এইচএসসি পরীক্ষা ঘিরে প্রশ্নফাঁসের গুজবকে কেন্দ্র করে নতুন ধরনের প্রযুক্তিনির্ভর প্রতারণার ঘটনা সামনে এসেছে। ফেসবুক গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে ভুয়া প্রশ্ন বিক্রির ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা গেছে, এ চক্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে পরীক্ষার প্রশ্নপত্রের মতো ছবি তৈরি বা সম্পাদনা করে সেগুলোকে আসল প্রশ্ন হিসেবে প্রচার করছে। এরপর টেলিগ্রাম বটের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে।
রিউমর স্ক্যানার ইনভেস্টিগেশন ইউনিটের অনুসন্ধানে দেখা যায়, ‘Ssc 2026 প্রশ্ন ফাঁস গ্রুপ’ নামের একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছিল। সেখানে ‘Raja Roy’ নামের একটি ভুয়া প্রোফাইল থেকে আইসিটি পরীক্ষার প্রশ্ন দেওয়ার প্রলোভন দেখিয়ে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে বলা হয়। পরে সেই চ্যানেলের মাধ্যমে অর্থের বিনিময়ে প্রশ্ন দেওয়ার দাবি করা হয়।
টেলিগ্রাম চ্যানেলটির নাম ‘SSC Question Sell’, যেখানে ৩৮০০-এর বেশি সাবস্ক্রাইবার রয়েছে বলে জানা গেছে। ২৭ এপ্রিল চ্যানেলটি খোলা হয় এবং সেদিন থেকেই বিভিন্ন পোস্টের মাধ্যমে প্রশ্ন দেওয়ার প্রলোভন ছড়ানো শুরু হয়।
অনুসন্ধানে আরও দেখা যায়, একটি এআই-সম্পাদিত ভুয়া আইসিটি প্রশ্নের ছবি ব্যবহার করে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করা হয়। এরপর টেলিগ্রাম বটের মাধ্যমে যোগাযোগ করে প্রতিটি প্রশ্নের জন্য ৫০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত দাবি করা হয়।
এক পর্যায়ে এক পরীক্ষার্থীর কাছ থেকে বিকাশ নম্বরের মাধ্যমে টাকা গ্রহণের তথ্যও পাওয়া যায়। নম্বরটির (01718974531) বিপরীতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও ডাটাবেজে ভিন্ন ভিন্ন নাম ও পরিচয় পাওয়া গেছে, যা প্রতারণার সন্দেহ আরও জোরদার করেছে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের চক্র এখন শুধু গুজব ছড়াচ্ছে না, বরং AI প্রযুক্তি ব্যবহার করে ভুয়া প্রমাণ তৈরি এবং বটের মাধ্যমে অর্থ লেনদেন—সব মিলিয়ে একটি সুসংগঠিত সাইবার প্রতারণা নেটওয়ার্ক গড়ে তুলছে।
শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষার্থীদের উদ্বেগ ও দুর্বলতাকে কাজে লাগিয়ে এ ধরনের প্রতারণা শুধু আর্থিক ক্ষতিই করছে না, বরং শিক্ষা ব্যবস্থার ওপর আস্থাও ক্ষুণ্ন করছে। একইসঙ্গে এতে শিক্ষার্থীদের একটি অংশ অনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে।
সংশ্লিষ্টরা অভিভাবক ও শিক্ষার্থীদের এ ধরনের ভুয়া প্রশ্নফাঁস ও অনলাইন প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮
দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।




