রাজনীতি


শেখ হাসিনার তৎপরতায় ভারতের দায় আছে: সালাহউদ্দিন


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:০৮ আগস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার

আপডেট:০৮ আগস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার

শেখ হাসিনার তৎপরতায় ভারতের দায় আছে: সালাহউদ্দিন

ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

 

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউট্যাবের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দুই বছর পূর্তি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও গণতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এবং দেশের মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন। দিল্লিতে বসে তার রাজনৈতিক তৎপরতা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

 

তিনি বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা রাজনৈতিকভাবে দাফন হয়েছে। এরপরও ভারতে বসে শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালালে তা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

 

শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে চলমান বিচার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তাদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলছে এবং কিছু মামলার বিচার শেষ হয়েছে। তবে শেখ হাসিনা এখনো বাংলাদেশের মানুষের কাছে কোনো অনুশোচনা বা দুঃখ প্রকাশ করেননি বলে মন্তব্য করেন তিনি।

 

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জাতিসংঘের প্রতিবেদনে জুলাই গণঅভ্যুত্থানের সময় ১ হাজার ৪০০-এর বেশি মানুষ নিহত হওয়ার কথা উঠে এসেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও ছিল বলে উল্লেখ করেন তিনি।

 

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। দুই দেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ, পারস্পরিক মর্যাদা ও সম্মানের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

 

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, এই আন্দোলন শুধু ৩৬ দিনের আন্দোলনের ফল নয়। তার ভাষ্য, দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক গণতান্ত্রিক আন্দোলনের পরিণতিতেই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। একই সঙ্গে সম্মুখসারিতে থাকা শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ভূমিকার স্বীকৃতি দেন তিনি।

 

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। প্রধানমন্ত্রী পদে একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন এমন বিধান রাখার কথা বলেন তিনি। একই সঙ্গে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ নিশ্চিত করার পক্ষে মত দেন।

 

তিনি বলেন, সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মধ্যে ভারসাম্য রাখার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে হবে।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষের চোখ খুলে দিয়েছে। শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা না গেলে রাজনীতি করার অধিকার নিয়েও প্রশ্ন উঠবে।

 

ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও বিতর্ক থাকতে পারে। তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য কোনোভাবেই দুর্বল করা যাবে না।




সম্পর্কিত

রাজনীতি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একাধিক প্রার্থী থাকলেই কেবল ভোটগ্রহণের প্রয়োজন হবে। একক প্রার্থী হলে ভোট ছাড়াই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখুক: নাহিদ ইসলাম

গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবিধান সংশোধনে সবার মতামত নেবে বিশেষ কমিটি

সংবিধান সংশোধনের লক্ষ্যে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, পেশাজীবীসহ সব অংশীজনের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। জুলাই জাতীয় সনদকে ভিত্তি করে একটি গ্রহণযোগ্য ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সংশোধনী প্রস্তাব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করবে কমিটি।

বিভাগভিত্তিক লংমার্চের পরিকল্পনা ১১–দলীয় ঐক্যের

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিভাগভিত্তিক লংমার্চ কর্মসূচির পরিকল্পনা করছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য। চলতি মাসের শেষ দিকে ২৯ বা ৩০ আগস্ট থেকে এ কর্মসূচি শুরু করার প্রস্তাব এসেছে জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে।