শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ২০১৩ সালে চাষী নজরুল ইসলাম পরিচালিত সিনেমাটি মুক্তির পর শাকিবের অভিনয় নিয়ে দর্শক-সমালোচকদের মধ্যে আলোচনা তৈরি হয়।

তবে সেই সময়ে ব্যস্ততার কারণে চরিত্রটির জন্য নিজের সামর্থ্যের পুরোটা কাজে লাগাতে পারেননি বলে মনে করেন শাকিব। তাই ভবিষ্যতে সুযোগ পেলে আবারও ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করতে চান তিনি।

সম্প্রতি চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে সাংবাদিক আবদুর রহমানের সঙ্গে আলাপচারিতায় নিজের এই ইচ্ছার কথা জানান শাকিব খান।

citytouch 728-X-90

শাকিব বলেন, ‘দেবদাস’-এর মতো চরিত্রে কাজ করার সুযোগ পাওয়া একজন অভিনেতার জন্য সৌভাগ্যের বিষয়। কিন্তু সিনেমাটিতে কাজের সময় তিনি একসঙ্গে অনেক চলচ্চিত্রে ব্যস্ত ছিলেন। ফলে চরিত্রটির জন্য যতটা সময় দেওয়া প্রয়োজন ছিল, তা দিতে পারেননি বলে মনে করেন তিনি।

বর্তমানে একটি সিনেমায় কাজ করার ক্ষেত্রে আগের তুলনায় বেশি সময় ও মনোযোগ দেন জানিয়ে শাকিব বলেন, সেই সময়ও যদি একইভাবে সময় দিতে পারতেন, তাহলে ‘দেবদাস’ চরিত্রটি আরও ভালোভাবে পর্দায় তুলে ধরতে পারতেন।

বাংলা ও হিন্দি চলচ্চিত্রে ‘দেবদাস’ চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদ ও বলিউড তারকা শাহরুখ খানের অভিনয়ের সঙ্গেও নিজের চরিত্রায়নের তুলনা করেন শাকিব। এ ক্ষেত্রে জনপ্রিয় দুই অভিনেতার অভিনয়ের তুলনায় নিজের পারফরম্যান্সকে পিছিয়ে রাখেন তিনি।

তবে পর্দার বিষণ্ন প্রেমিক দেবদাসের সঙ্গে বাস্তব জীবনের শাকিবের কোনো মিল নেই বলেও জানান অভিনেতা। ব্যক্তিজীবনে হাসি-আনন্দে থাকতে এবং সুন্দরভাবে জীবন কাটাতেই বেশি পছন্দ করেন বলে জানান তিনি।

২০১৩ সালে মুক্তি পাওয়া ‘দেবদাস’ সিনেমায় শাকিব খানের বিপরীতে পার্বতীর চরিত্রে অভিনয় করেন অপু বিশ্বাস। চন্দ্রমুখীর ভূমিকায় ছিলেন মৌসুমী।

ভবিষ্যতে আবার ‘দেবদাস’ নির্মিত হলে কেন্দ্রীয় নারী চরিত্রে কাকে দেখতে চান এমন প্রশ্নের সরাসরি কোনো নাম জানাননি শাকিব। বিষয়টি সময়ের ওপর ছেড়ে দেন তিনি।

সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক নিয়েও কথা বলেন শাকিব। জীবনে ভুল করেছেন কি না এমন প্রশ্নের জবাবে অভিনেতা স্বীকার করেন, তার জীবনে অনেক ভুল হয়েছে। কিছু সিদ্ধান্ত নিয়ে এখনো পেছনে ফিরে তাকালে আফসোস হয় বলেও জানান তিনি।

এসব ভুলের কারণ প্রসঙ্গে শাকিব বলেন, মানুষের জীবনে ভুল থাকবেই। তবে অতীতের কিছু সিদ্ধান্ত তার বর্তমান জীবনকে আরও সহজ করতে পারত বলে মনে হয় তার।

নিজের সঙ্গে একান্তে সময় কাটানোর সময় অতীতের এসব বিষয় মনে পড়ে বলে জানান তিনি। তবে কিছু ঘটনা চাইলেও আর পরিবর্তন করা সম্ভব নয় এ বাস্তবতাও মেনে নিয়েছেন অভিনেতা।

ব্যক্তিগত জীবন প্রসঙ্গে সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী সম্পর্কেও প্রশ্ন করা হয় তাকে। শাকিব জানান, দুজনই তার জীবনের একটি অংশ। তবে তাদের নিয়ে প্রকাশ্যে বিস্তারিত আলোচনা করতে চান না তিনি। মাঝে মাঝে সতর্ক করেন বলেও জানান এই অভিনেতা, এরপর তারা কী করবেন সেটি তাদের ব্যক্তিগত বিষয় বলে উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ছড়িয়ে পড়া বিভিন্ন খবর নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শাকিব। তার দাবি, অনেক সময় কোনো ঘটনা ঘটার আগেই সেটিকে কেন্দ্র করে নানা ধরনের আলোচনা ও খবর ছড়িয়ে পড়ে। এমন কিছু ঘটনার সঙ্গেও তার নাম জড়ানো হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পৃক্ততা নেই।