জাতীয়


হামে মৃত্যু ছাড়াল ৪০০


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:১১ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন, সোমবার

হামে মৃত্যু ছাড়াল ৪০০

দেশে হামের সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত হামে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামে ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯ জনে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মৃতদের মধ্যে সাতজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং চারজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল। অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৩৪৪ জন এবং নিশ্চিত হামে ৬৫ জনের মৃত্যু হয়েছে।

 

ক্রমবর্ধমান সংক্রমণ ঠেকাতে সরকার দেশজুড়ে টিকাদান কর্মসূচি চালালেও এখনো বিপুলসংখ্যক শিশু টিকার বাইরে রয়েছে। ইউনিসেফের দ্রুত যাচাই পদ্ধতি বা র‍্যাপিড কনভিনিয়েন্ট মনিটরিং (আরসিএম) অনুযায়ী, শহরাঞ্চলে এখনো ৩০ থেকে ৪০ শতাংশ এবং গ্রামাঞ্চলে প্রায় ১৫ শতাংশ শিশু হামের টিকা পায়নি।

 

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন বাস্তব চিত্রই পেয়েছেন প্রতিবেদকেরা। কাঁঠালবাগানের একটি নিম্নবিত্ত আবাসিক ভবনে বসবাসকারী কয়েকটি পরিবার জানায়, তাদের শিশুরা স্থানীয় বিদ্যালয় থেকে টিকা পেয়েছে। তবে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচে বসবাস করা লামিয়া নামের এক মা জানান, তাঁর দুই সন্তানই এখনো টিকা পায়নি। কোথায় টিকা দেওয়া হচ্ছে, সে তথ্যও তাঁর জানা নেই।

 

একই ধরনের চিত্র পাওয়া গেছে রাজধানীর শাহজাহানপুরের গাজী বস্তিতে। সেখানে সাত মাস বয়সী শিশুর বাবা সানোয়ার হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও দেখে তিনি টিকা নিতে নিরুৎসাহিত হয়েছেন। অন্যদিকে সুমাইয়া বেগম নামে এক মা মনে করেন, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এ কারণে তিনি তাঁর দুই সন্তানকে টিকা দেননি।

 

রাজধানীর মিরপুর এলাকায়ও কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকে টিকা সম্পর্কে সঠিক তথ্য জানেন না। কেউ কেউ আবার মনে করছেন, শিশু অসুস্থ থাকলে বা অ্যান্টিবায়োটিক চলাকালে টিকা দিলে ক্ষতি হতে পারে।

 

জনস্বাস্থ্যবিদ ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ কেন্দ্রের (সিডিসি) সাবেক পরিচালক অধ্যাপক বে-নজীর আহমেদ মনে করেন, টিকা নিয়ে মানুষের মধ্যে এখনো দ্বিধা ও ভুল ধারণা রয়েছে। তিনি বলেন, আগে ৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হলেও এবার বয়স কমিয়ে ৬ মাস করা হয়েছে। এ বিষয়ে পর্যাপ্ত প্রচার ও মা–বাবাদের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

 

হামের সংক্রমণ রোধে সরকার গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০টি উচ্চঝুঁকিপূর্ণ উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করে। পরে ১২ এপ্রিল ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় এবং ২০ এপ্রিল থেকে দেশের সব শহর ও নগরে টিকা কার্যক্রম শুরু হয়। এই কর্মসূচি চলবে আগামী ২০ মে পর্যন্ত।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকাদান কর্মসূচিতে ১ কোটি ৮০ লাখের বেশি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার ৯৯ শতাংশ অর্জনের দাবি করা হয়েছে। তবে মাঠপর্যায়ের বাস্তবতায় এখনো বহু শিশু টিকার বাইরে থেকে যাচ্ছে।

 

খুলনার সুন্দরবনসংলগ্ন একটি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, সেখানে এখনো দুই শতাধিক শিশু টিকা পায়নি। বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, জেলায় এখনো প্রায় ৫ শতাংশ শিশু টিকার বাইরে রয়েছে।

 

এ পরিস্থিতিতে বাদ পড়া শিশুদের দ্রুত খুঁজে বের করে টিকার আওতায় আনার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সহায়তায় স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে টিকাবঞ্চিত শিশুদের শনাক্ত করবেন।

 

বিশেষজ্ঞরা বলছেন, শুধু টিকা কার্যক্রম চালালেই হবে না, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমে প্রচার, এলাকায় এলাকায় মাইকিং এবং সরাসরি প্রচারণা আরও জোরদার করতে হবে। না হলে সব শিশুকে টিকার আওতায় আনা কঠিন হবে এবং হামের সংক্রমণ আরও ভয়াবহ আকার নিতে পারে।

 

 


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।