জাতীয়


ভ্রূণযুক্ত ও পচা ডিমে তৈরি হচ্ছে কেক-বিস্কুট, জনস্বাস্থ্যে বড় ঝুঁকি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার

ভ্রূণযুক্ত ও পচা ডিমে তৈরি হচ্ছে কেক-বিস্কুট, জনস্বাস্থ্যে বড় ঝুঁকি

ভ্রূণযুক্ত ডিম, পচা কুসুম এবং তীব্র দুর্গন্ধযুক্ত নিম্নমানের ডিম ব্যবহার করে তৈরি করা হচ্ছে কেক, বিস্কুট ও পাউরুটির মতো বেকারি পণ্য। বাইরে থেকে সাধারণ খাবারের মতো দেখালেও বাস্তবে এসব পণ্য তৈরি হচ্ছে এমন সব উপাদান দিয়ে, যা মানবদেহের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

 

অনুসন্ধানে উঠে এসেছে, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চক্র লোকচক্ষুর আড়ালে কম খরচে বেশি লাভের আশায় ভ্রূণযুক্ত ও হ্যাচিং ডিম ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি করছে। পরে সেগুলো বাজারে “তাজা” বেকারি পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছে।

 

তথ্য অনুযায়ী, প্রথমে কম দামে সংগ্রহ করা হয় হ্যাচিং বা ভ্রূণযুক্ত ডিম। এসব ডিমের অনেকগুলোতেই পচনের লক্ষণ থাকে। পরে বড় পাত্রে ডিমগুলো একসঙ্গে ভেঙে মেশানো হয়। দুর্গন্ধ আড়াল করতে ব্যবহার করা হয় অতিরিক্ত ভ্যানিলা ফ্লেভার ও কৃত্রিম সুগন্ধি।

 

এরপর সেই মিশ্রণে ময়দা, চিনি, নিম্নমানের তেল ও বিভিন্ন বেকিং উপাদান মিশিয়ে তৈরি করা হয় কেক ও বিস্কুটের ব্যাটার। কোথাও কোথাও পুরোনো ও বাসি উপকরণও ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। পুরো মিশ্রণ ওভেনে বেক করে পরে বিভিন্ন প্যাকেটে বাজারজাত করা হয়। কিছু ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করেও পণ্য বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

 

বগুড়ার চারমাথা এলাকার ফুলকলি বেকারিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এমন চিত্র সামনে আসে। বৃহস্পতিবার পরিচালিত ওই অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে এবং প্যাকেটে আগাম উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে।

 

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ভ্রূণযুক্ত বা পচা ডিম দিয়ে খাদ্য তৈরি শুধু অনৈতিক নয়, এটি সরাসরি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

 

চিকিৎসক ও খাদ্য বিশেষজ্ঞদের মতে, পচা বা ভ্রূণযুক্ত ডিমে দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এসব খাবার খেলে ফুড পয়জনিং, ডায়রিয়া, বমি, পেটের সংক্রমণসহ বিভিন্ন জটিল রোগ হতে পারে। দীর্ঘমেয়াদে লিভার ও কিডনির সমস্যার ঝুঁকিও বাড়ে। বিশেষ করে শিশুদের জন্য এসব খাবার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।

 

বিশেষজ্ঞরা আরও বলছেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো— দেখতে, গন্ধে ও স্বাদে অনেক ক্ষেত্রেই এসব পণ্য সাধারণ কেক-বিস্কুটের মতোই মনে হয়। ফলে সাধারণ ক্রেতাদের পক্ষে বুঝে ওঠা কঠিন হয়ে পড়ে যে তারা আসলে কী ধরনের খাদ্য গ্রহণ করছেন।

 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বাজারে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান, কঠোর শাস্তি এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দুই যোদ্ধার কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বগুড়ার ৬৫ বছর বয়সী এক বাসিন্দাকে দেওয়া হয়েছে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা।

হামে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৮

দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮১৮ জন আক্রান্ত হয়েছেন।

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।