জাতীয়
মালয়েশিয়া সফরে শ্রমবাজার উন্মুক্তের আশা, চীনের কাছে অবকাঠামো উন্নয়নে সহায়তা চাইবে বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর সম্ভাবনা এবং বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতা। আগামীকাল রোববার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় দিন ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। সংশ্লিষ্ট মহলের আশা, প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মালয়েশিয়া সফর শেষে ২৩ জুন কুয়ালালামপুর থেকে চীনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার কথা রয়েছে তার। চীন সফরে সেতু, উড়ালসড়ক, পাতাল রেলসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা চাওয়া হবে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে একদিকে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বিদ্যমান জটিলতা নিরসনের সুযোগ তৈরি হতে পারে, অন্যদিকে চীনা বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়ানোর নতুন ক্ষেত্র উন্মুক্ত হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন এবং পররাষ্ট্র সচিবসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তারেক রহমানের প্রথম বিদেশ সফর। গত কয়েক মাস ধরে তিনি প্রথমে কোন দেশ সফর করবেন, তা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নানা আলোচনা ছিল। ভূরাজনৈতিক ভারসাম্য ও আঞ্চলিক কৌশলগত সম্পর্ক বিবেচনায় মালয়েশিয়াকে প্রথম সফরের গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সফরকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সংস্কৃতি এবং তথ্য ও সম্প্রচার খাতে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সন্ত্রাসবিরোধী সহযোগিতা, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এবং একাধিক নোট অব এক্সচেঞ্জ হতে পারে।
মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ১০ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাই নিরাপদ অভিবাসন, কর্মী নিয়োগ এবং প্রবাসীদের কল্যাণ বিষয়েও দুই দেশের সরকারপ্রধানের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরকালে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
২৩ জুন চীনের দালিয়ানে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে বিশ্ব অর্থনীতি, উদ্ভাবন, প্রযুক্তি এবং এশিয়ার ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
ফোরামের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে একাধিক সাইডলাইন বৈঠকের সম্ভাবনাও রয়েছে। পরে দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
সূত্র জানায়, ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি দুই নেতার মধ্যে একান্ত বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে পৃথক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে কেন্দ্র করে শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, গণমাধ্যম ও উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন খাতে প্রায় ১৫টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে।
সম্ভাব্য সমঝোতাগুলোর মধ্যে রয়েছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা, বাংলাদেশি পণ্য রপ্তানি, সবুজ উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা সহযোগিতা, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা এবং মোংলা সুবিধা প্রকল্প।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমবাজার চালুর বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে।
২০২৪ সালের পর থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার কার্যত বন্ধ রয়েছে। এর আগে কর্মী নিয়োগে সিন্ডিকেট, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কয়েক দফা বাজার বন্ধ ও চালুর ঘটনা ঘটেছে।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ লক্ষ্যে গত এপ্রিল মাসে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন মালয়েশিয়া সফর করেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) প্রধানমন্ত্রীর কাছে মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও বৈষম্যহীনভাবে উন্মুক্ত করার দাবি জানিয়েছে। গত ১৭ জুন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক আবেদনে সংগঠনটির ৬৫ জন সদস্য এ দাবি জানান।
এদিকে মালয়েশিয়াফেরত প্রবাসীরা মানববন্ধন করে শ্রমিক শোষণ, রিক্রুটিং সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয়, পাসপোর্ট জব্দ এবং শ্রমিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ধরেছেন। তারা প্রধানমন্ত্রীর সফরে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, উচ্চশিক্ষা, কৃষি, হালাল শিল্প, সুনীল অর্থনীতি, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে।
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীরাও আশাবাদী, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে শ্রমবাজার পুনরায় চালু, কলিং ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং প্রবাসীদের কল্যাণসংক্রান্ত বিষয়ে বাস্তব অগ্রগতি হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।




