জাতীয়


প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী


দুরবীন ডেস্ক

দুরবীন ডেস্ক

প্রকাশিত:২১ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার

প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা এবং কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

 

রোববার (২১ জুন) দুপুর পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

 

সরকারি সূত্রে জানা গেছে, সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা, অনিয়মিত কর্মীদের বৈধতা প্রদান, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা হবে।

 

সফরসূচি অনুযায়ী, সোমবার দুপুরের পর কুয়ালালামপুর থেকে চীনের বন্দরনগরী দালিয়ানের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। আগামী ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত তিনি চীন সফর করবেন।

 

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদার) রাশেদ আল মাহমুদ তিতুমির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদার) মাহদী আমিন, পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদার) হুমায়ুন কবির এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

 

এ ছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

 

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা দিয়ে সাজানো হয়েছে। সফরকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

 


জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার

ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।