জাতীয়
বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ গড়ে তুলছে সরকার: মাহদী আমিন

বাংলাদেশকে বৈশ্বিক বিনিয়োগের অন্যতম সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরতে চায় সরকার। চীনের দালিয়ানে অনুষ্ঠিতব্য সামার দাভোস সম্মেলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, “বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত” এই বার্তার মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল ও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) চীনের দালিয়ানের শাংগ্রি-লা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত সামার দাভোস ২০২৬-এর প্রতিপাদ্য ‘ইনোভেটিং অ্যাট স্কেল’। এ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, শীর্ষ ব্যবসায়ী, প্রযুক্তি উদ্ভাবক, শিক্ষাবিদ এবং করপোরেট নেতারা অংশ নিচ্ছেন। সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণ।
তিনি বলেন, সম্মেলনে অংশগ্রহণের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে আরও বেশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু সহনশীল ও টেকসই উন্নয়ন কার্যক্রমকে আন্তর্জাতিক বিনিয়োগ ও অংশীদারিত্বের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করা।
সংবাদ সম্মেলনে মুখপাত্র জানান, এর আগে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস জভিংগি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির প্রশংসাও করা হয়।
মাহদী আমিন বলেন, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন, যা আন্তর্জাতিক মহলে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী তার বক্তব্যে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন ও পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনার উন্নয়ন, ২৫ কোটি বৃক্ষরোপণ, সবুজ শিল্পের বিকাশ, পরিবেশবান্ধব বৈদ্যুতিক যানবাহন চালু এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২০ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথা তুলে ধরেছেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, “জলবায়ু কার্যক্রম কোনো ব্যয় নয়; এটি আমাদের সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বিনিয়োগ।”
মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী ক্ষয়ক্ষতি তহবিলের কার্যকর বাস্তবায়ন, সহজলভ্য ও পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন এবং প্রশমন ও অভিযোজন কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়ার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলায় বৈশ্বিক সংহতি, প্রযুক্তি হস্তান্তর এবং কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, বুধবার (২৪ জুন) ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী অংশ নেবেন। সেখানে বিভিন্ন নীতিগত (পলিসি) বিষয় নিয়ে আলোচনা হবে।
মাহদী আমিন বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী দেশে যেমন জনগণের আস্থা অর্জন করেছেন, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও তিনি মর্যাদাপূর্ণ রাষ্ট্রনেতা হিসেবে স্বীকৃতি পাচ্ছেন। তার অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং বিভিন্ন দেশের সফল অভিজ্ঞতা গ্রহণের সুযোগ সৃষ্টি করছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিও উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
সম্পর্কিত
জনপ্রিয়
জাতীয় থেকে আরও পড়ুন
ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরের উদ্বোধন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
তসলিমা ফিরতে চাইলে আবেদন করতে হবে: সরকার
ভারতে অবস্থানরত নির্বাসিত লেখক তসলিমা নাসরিনকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কোনো বিশেষ উদ্যোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে প্রচলিত আইন ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। এরপর সরকার আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-জকসু ও ছাত্রশক্তির সংঘর্ষ, আহত কয়েকজন
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারকে কেন্দ্র করে ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।




