রাজনীতি


এনসিপিতে যোগদানকারীদের যাচাইয়ে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১১ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার

এনসিপিতে যোগদানকারীদের যাচাইয়ে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদান কার্যক্রম যাচাই-বাছাই ও মূল্যায়নের জন্য ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে। একই সঙ্গে দলটির সাংগঠনিক সম্প্রসারণের বিষয়েও কাজ করবে এই কমিটি।

 

রোববার দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদানের ক্ষেত্রে যাচাই-বাছাই ও মূল্যায়নপূর্বক কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে।

 

ছয় সদস্যের এই কমিটিতে রয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দল সম্প্রসারণে সক্রিয় হয় এনসিপি। গত ১৯ এপ্রিল এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৪ নেতা-কর্মী এনসিপিতে যোগ দেওয়ার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়।

 

এরপর ২৪ এপ্রিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা), কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং আওয়ামী লীগ সরকারের আমলে রেলের অনিয়ম নিয়ে আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিসহ কয়েকজন এনসিপিতে যোগ দেন।

 

গত ৫ মে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান, হাজী শরীয়তুল্লাহর বংশধর আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন এবং অধ্যাপক এম এ এইচ আরিফ।

 

সর্বশেষ গত শুক্রবার গণ অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই রেভোল্যুশনারি অ্যালায়েন্স, আপ বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন পেশার ৩৬ জন ব্যক্তি এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখায় যোগ দেন।


সম্পর্কিত

রাজনীতিএনসিপি

জনপ্রিয়


রাজনীতি থেকে আরও পড়ুন

শেখ হাসিনার তৎপরতায় ভারতের দায় আছে: সালাহউদ্দিন

ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি ও মানুষের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ ধরনের রাজনৈতিক তৎপরতার দায় ভারত এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একাধিক প্রার্থী থাকলেই কেবল ভোটগ্রহণের প্রয়োজন হবে। একক প্রার্থী হলে ভোট ছাড়াই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।

গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখুক: নাহিদ ইসলাম

গ্যাস, বিদ্যুৎ, কর্মসংস্থান নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে ক্ষমতায় থাকার স্বপ্ন না দেখার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবিধান সংশোধনে সবার মতামত নেবে বিশেষ কমিটি

সংবিধান সংশোধনের লক্ষ্যে রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, পেশাজীবীসহ সব অংশীজনের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। জুলাই জাতীয় সনদকে ভিত্তি করে একটি গ্রহণযোগ্য ও জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো সংশোধনী প্রস্তাব তৈরির লক্ষ্য নিয়ে কাজ করবে কমিটি।