খেলাধুলা
ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’: ইরান ফুটবল ফেডারেশন

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপে ইরান জাতীয় ফুটবল দলের সঙ্গে করা আচরণকে বিশ্বকাপের ইতিহাসে ‘কালো অধ্যায়’ বলে মন্তব্য করেছেন ইরান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হেদায়াত মোমবেনি। শুক্রবার মেক্সিকোর তিহুয়ানায় দলের অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এর একদিন আগে ইরান ফুটবল ফেডারেশন ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় যে, যুক্তরাষ্ট্রের আরোপিত ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ তাদের দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে।
মোমবেনি বলেন, “এটি একটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। কিন্তু আমাদের ক্ষেত্রে যেভাবে নিয়ম ও চুক্তি লঙ্ঘন করা হচ্ছে, তা ফুটবলের ন্যায্যতাকেই প্রশ্নবিদ্ধ করছে। আমার বিশ্বাস, এটি বিশ্বকাপের সাম্প্রতিক ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে।”
রোববার লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় গ্রুপ ম্যাচ খেলবে ইরান। ম্যাচটি স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় দলটি দুই দিন আগেই যুক্তরাষ্ট্রে পৌঁছাতে চেয়েছিল। একই কারণে প্রতিপক্ষ বেলজিয়াম শুক্রবারই ক্যালিফোর্নিয়ার উদ্দেশে রওনা দেয়। তবে ইরানের দাবি, তাদের একই সুযোগ দেওয়া হয়নি এবং আগেভাগে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
যদিও ইরানের অভিযোগ নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন। সম্প্রতি ইরানের সঙ্গে সংঘাত বন্ধে একটি চুক্তিতে সই করা ওয়াশিংটন জানিয়েছে, শুরু থেকেই ইরানকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা ম্যাচের আগের দিন ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।
হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি সিবিএস নিউজকে বলেন, “দলটিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে, তবে তা ম্যাচের ঠিক আগের দিন, অর্থাৎ ম্যাচ-মাইনাস-ওয়ান সময়সূচি অনুযায়ী।”
ফিফার বিশ্বকাপ আয়োজক নির্দেশিকায় উল্লেখ রয়েছে, সাধারণত দলগুলোকে নিজেদের বেস ক্যাম্প থেকে ম্যাচ ভেন্যুতে ম্যাচের আগের দিন যেতে হয়। তবে বিশেষ বা ব্যতিক্রমী পরিস্থিতিতে দুই দিন আগেও ভ্রমণের অনুমতি দেওয়ার সুযোগ রয়েছে।
এ নিয়ে যুক্তরাষ্ট্রের আয়োজকদের তীব্র সমালোচনা করেন মোমবেনি। তিনি বলেন, “নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। আমার মনে হয়, সংশ্লিষ্ট কর্মকর্তার অনেক আগেই ফিফার নিয়মগুলো ভালোভাবে পড়া উচিত ছিল। যারা ফিফার বিধিমালা বাস্তবায়ন করতে অক্ষম, তাদের এমন টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া উচিত নয়।”
তিনি আরও বলেন, “ইরানের জাতীয় দলের প্রতিনিধিদের সঙ্গে আগে থেকেই আলোচনা করা হলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। এটি অপ্রয়োজনীয় একটি জটিলতা, যা পুরো প্রতিযোগিতার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে।”
উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফুটবল ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপের আয়োজক দেশকে এমন একটি দেশের জাতীয় দলকে স্বাগত জানাতে হচ্ছে, যার সঙ্গে তাদের চলমান সামরিক সংঘাত রয়েছে। ফলে মাঠের লড়াইয়ের পাশাপাশি কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনাও এবারের বিশ্বকাপকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
জনপ্রিয়
খেলাধুলা থেকে আরও পড়ুন
হিব্রু ভাষায় এক শব্দ লিখেই আলোচনায় রোনালদোর হবু স্ত্রী জর্জিনা
ক্রিস্টিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবারের কারণ, হিব্রু ভাষায় লেখা মাত্র একটি শব্দ। ছুটি কাটানোর একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ‘সুস্থ’। আর সেই এক শব্দই মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, শুরু হয় তুমুল আলোচনা ও বিতর্ক।

অস্ট্রেলিয়া সিরিজের আগে অনুশীলনে ফিরলেন তাসকিন, প্রস্তুতিতে বাংলাদেশ
দুটি ব্যাট হাতে হাসিমুখে অনুশীলনে যোগ দিলেন তাসকিন আহমেদ। তবে ব্যাট নয়, মূল মনোযোগ ছিল তাঁর বোলিং অনুশীলনেই। দীর্ঘদিনের চোটের ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়া সফরে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছে বাংলাদেশ দলের এই পেসারকে।

বিশ্বকাপ শেষে এমএলএসে ফিরলেন মেস
২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার ১৩ দিন পর আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির হয়ে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। বিশ্বকাপের ব্যস্ততা ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে মেসির প্রত্যাবর্তন ঘিরে ছিল ভক্তদের ব্যাপক উচ্ছ্বাস।

ভারত সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল ভারত সফরে যাচ্ছেন। তার সঙ্গে থাকবেন বিসিবির গ্রাউন্ডস কমিটি ও হাই পারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম। সফরের মূল উদ্দেশ্য ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা।




