আজকের খবর
বিপিএলের মাঝপথে ওমরা পালন করতে গেলেন সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের মাঝ পথেই ওমরাহ পালন করতে সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। ৩ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শেষে রাতেই সৌদির উদ্দেশে রওনা দেন সাকিব।
চলমান বিপিএলের নবম আসরে গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের দিকে। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়া গ্রুপ পর্বের ম্যাচ বাকি আছে অল্প কয়েকটি। তবে শেষের দিকের ম্যাচগুলো কোনো প্রভাব ফেলবে না সাকিবের দল ফরচুন বরিশালের প্লে অফ খেলা নিয়ে।
কারণ ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে পরবর্তী রাউন্ডের চারটি দল। এর মধ্যে বিপিএলে শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলেছে সাকিবের ফরচুন বরিশাল।
চলতি ফেব্রুয়ারি মাসের আগামী ৭ তারিখের আগে বরিশালের কোনো ম্যাচ নেই। বরিশালের পরবর্তী দুই মাচ আগামী ৭ ও ১০ ফেব্রুয়ারি- যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের বিপক্ষে।
তাই এই ফাঁকা সময়টিকে কাজে লাগিয়েছেন সাকিব। ৩ দিনের ছুটি পেয়েই ওমরাহ পালন করতে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি দিয়েছেন তিনি।
সাকিবের ওমরা পালনের ব্যাপারে নিশ্চিত করেছে ফরচুন বরিশাল কর্তৃপক্ষ। দলটির কর্তারা জানিয়েছেন ৭ তারিখের আগে যেহেতু খেলা নেই, সে কারণে ফাঁকা সময়টাতে ওমরা করার জন্য সৌদি গেছেন সাকিব। এর মধ্যে ৬ তারিখ রাতেই তার দেশে ফিরে আসার কথা রয়েছে ..গ্রুপ পর্বের ১১ তম ম্যাচে ৭ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিনি মাঠে নামবেন।
গ্রুপ পর্বের ১০টি ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফরচুন বরিশাল। প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দল দুইটি পায় বিশেষ সুবিধা। ফাইনালে খেলার জন্য তাদের সামনে থাকে দুইটি সুযোগ।
প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে ফাইনালের যাওয়ার সুযোগ থাকে পয়েন্ট টেবিলের প্রথম দুই দলের। ফলে প্রথম কিংবা দ্বিতীয় স্থান হারাতে চাইবে না বরিশাল।
নবম আসরের এবারের আসরে হট ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামে ফরচুন বরিশাল। গ্রুপ পর্বের ১০ টি ম্যাচ খেলে ৭ টি ম্যাচে জয় পেয়েছে সাকিব - মিরাজরা। এর সঙ্গে ৩ ম্যাচে পরাজয়ের দরুন ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে এখন তাদের অবস্থান দুই নম্বরে।
সাকিবের বরিশালের সঙ্গে এবারের বিপিএলে প্লে অফ নিশ্চিত করেছে মাশরাফীর সিলেট , ইমরুল কায়েসের কুমিল্লা ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।
তবে শেষ চারে চার দল নিশ্চিত করলেও এখনও নিশ্চিত হয়নি চূড়ান্ত পয়েন্ট টেবিল।কোয়ালিফায়ার রাউন্ডের ম্যারপ্যাচে কোন দুটি দল প্রথম ও দ্বিতীয় হয়, সেটা এখনো নিশ্চিত হয়নি।
এদিকে গ্রুপ পর্বের ১০ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে ফরচুন বরিশাল। অন্যদিকে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রানরেটে এগিয়ে থেকে টেবিলের তিনে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সমান পয়েন্ট নিয়ে টেবিলের চারে রংপুর রাইডার্স।
এর মধ্যে সিলেট ও বরিশালের এখনও দুটি করে ম্যাচ বাকি। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা এবং রংপুরের বাকি রয়েছে তিনটি করে ম্যাচ।
দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্স উজ্জ্বল সাকিবের। ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন জাতীয় দলের টি টোয়েন্টি কাপ্তান। ১০ ম্যাচে এখনও পর্যন্ত ৩৪৭ রান করেছেন তিনি। টুর্নামেন্ট সেরার দৌড়েও এগিয়ে আছেন এই অলরাউন্ডার।
ব্যাট হাতে উজ্জ্বল থাকলেও বল হাতে কিছুটা মলিন ছিলেন সাকিব। ১০ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৬টি।
.jpg)
.jpg)


.webp)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)